শিক্ষার্থীদের পুষ্টিকর খাদ্যাভ্যাসে উদ্বুদ্ধ করা এবং তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নীলফামারীর চিলাহাটিতে অবস্থিত ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলে ফল উৎসব ও বিদ্যালয়ের নতুন ওয়েবসাইটের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
শনিবার (৪ জুলাই) ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- চিলাহাটি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. স্বপন মিয়া। তিনি বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে পুষ্টিকর খাদ্যের বিকল্প নেই। একই সঙ্গে বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী তথ্যপ্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করাও জরুরি। এ ধরনের আয়োজন তাদের স্বাস্থ্য সচেতনতা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান উপদেষ্টা মো. জি এম. ইলিয়াস হোসেন অপু। তিনি বলেন, আধুনিক শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালক হাবিবুর রহমান হারিছ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ফারুক এবং সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল মো. উমর আলী।
বক্তারা বলেন, দেশীয় ও মৌসুমি ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি বিদ্যালয়ের নতুন ওয়েবসাইট চালুর মাধ্যমে শিক্ষা কার্যক্রম, ভর্তি, নোটিশ, ফলাফল ও অন্যান্য তথ্য দ্রুত এবং সহজে সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ের নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং ফল উৎসব ঘুরে দেখেন। পরে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/বিএস