শনিবার ৪ জুলাই ২০২৬
স্থানীয় নির্বাচনে সৎ ও যোগ্যদের প্রার্থী করার নির্দেশ জামায়াতের
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:১০ পিএম   (ভিজিট : ৮)
স্থানীয় সরকার নির্বাচনে সৎ ও গ্রহণযোগ্য লোকদের প্রার্থী করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (০৪ জুলাই) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের ৩ দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেছেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মানবিক যোগ্যতাসম্পন্নদের দিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে যারা হালাল উপার্জন এবং সমাজে গ্রহণযোগ্যতা ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন, তাকেই বাছাই করতে হবে। তিনি যে স্তরের জনশক্তিই হোন না কেন। এর মাধ্যমে এলাকায় দায়িত্বশীল নেতৃত্ব গড়ে উঠবে।

তিনি বলেন, উপমহাদেশে বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব মুসলমানরাই দিয়েছে। জামায়াতে ইসলামীর দীর্ঘ ৮৬ বছরের পথচলায় অসংখ্য মানুষের ত্যাগ, কোরবানি ও আত্মত্যাগ রয়েছে। অনেকেই শহীদ হয়েছেন এবং তাদের অবদান জাতি স্মরণ করবে।

সাংগঠনিক শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জামায়াতের মধ্যে শৃঙ্খলা, নীতি-নৈতিকতা ও জবাবদিহিতার সংস্কৃতি রয়েছে। দীর্ঘদিনের সুনাম ও অর্জন একটি ছোট ভুলের কারণে ম্লান হয়ে যেতে পারে।

জামায়াত আমির বলেন, সংগঠনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক প্রতিবন্ধকতা। মুসলিমরা সার্বজনীন গোষ্ঠী। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, তাদেরকেই বলা হয় সাম্প্রদায়িক গোষ্ঠী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণ দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। সেই প্রত্যাশা পূরণে জামায়াতকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ক্ষমতা অর্জনের চেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনই কর্মীদের মূল লক্ষ্য হওয়া উচিত।

বক্তব্যে নারীর মর্যাদা ও পারিবারিক মূল্যবোধের বিষয়েও গুরুত্বারোপ করেন জামায়াত আমির। তিনি বলেন, নারী-পুরুষের সমন্বয়েই সমাজ, সংগঠন ও রাষ্ট্র গড়ে ওঠে। তাই মায়েদের সম্মান, তাদের কাজে সহযোগিতা করতে হবে। দ্বীনের কাজে এগিয়ে আনতে হবে।

শেষে কর্মপরিষদের সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন, সংশ্লিষ্ট আমিরকে সহযোগিতা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।

গত ২ জুলাই শুরু হওয়া এ শিক্ষাশিবিরে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা ছামিউল হক ফারুকীর সঞ্চালনায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুবসহ কেন্দ্রীয় নেতারা।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft