সরকারি নির্দেশনা মোতাবেক দেশব্যাপী চলমান পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পিরোজপুর সদর উপজেলার ৭ নং শংকরপাশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশকে রোগীদের জন্য স্বাস্থ্যকর করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
শনিবার (৪ জুলাই) কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ। তিনি স্বাস্থ্যকেন্দ্রের চারপাশ ঘুরে দেখেন এবং নিজে একটি চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরিচ্ছন্নতা অভিযান শেষে স্বাস্থ্যকেন্দ্রের খালি জায়গায় ৯টি নারিকেল ও ২টি মাল্টাসহ মোট ১১টি ফলজ গাছের চারা রোপণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ বলেন, "সরকারের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বিভিন্ন মশাবাহিত ও সংক্রামক রোগ প্রতিরোধে প্রতি শনিবারে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রের পাশে যে ছোট ডোবাটি রয়েছে, সেটি আমরা দ্রুত ভরাট করব। ময়লা-আবর্জনা পরিষ্কার করে সেখানে সুন্দর বাগান এবং সেবাগ্রহীতাদের বসার সুব্যবস্থা করা হবে, যাতে সাধারণ মানুষ একটি স্বস্তিকর পরিবেশে সেবা নিতে পারেন।"
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, শংকরপাশা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) কৃষ্ণা সূতার, শংকরপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফজলুল হক, ইউপি সচিব মোঃ দেলোয়ার হোসেন এবং ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন কাজীসহ স্থানীয় সুধীসমাজ ও স্বাস্থ্যকেন্দ্রের সংশ্লিষ্ট কর্মীবৃন্দ।
আজকালের খবর/কাওছার আল হাবীব