গাজীপুরের শ্রীপুরে ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত করা, বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ এবং পোল্ট্রি খাদ্য ও ওষুধের দাম কমানোর দাবিতে অভিনব প্রতিবাদ জানিয়েছেন প্রান্তিক পোল্ট্রি খামারিরা। বিক্ষোভ ও মানববন্ধনের একপর্যায়ে ক্ষুব্ধ খামারিরা মহাসড়কে শত শত ডিম ভেঙে প্রতিবাদ জানান।
শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ‘শিমুলতলী পোল্ট্রি খামারি অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার কয়েকশ খামারি অংশ নেন। ডিম ভাঙার এই কর্মসূচির কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
মানববন্ধনে অংশ নেওয়া খামারি মাসুদ রানা ও জোনায়েদ রুবেল ক্ষোভ প্রকাশ করে বলেন, "পোল্ট্রি ফিড (খাদ্য) ও ওষুধের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেই তুলনায় ডিমের পাইকারি দাম এত কম যে উৎপাদন খরচই উঠছে না। দিন-রাত পরিশ্রম করেও খামারিরা লোকসান গুনছেন, অথচ মধ্যস্বত্বভোগী ও অসাধু সিন্ডিকেটের কারণে খুচরা বাজারে ভোক্তাদের ঠিকই বেশি দামে ডিম কিনতে হচ্ছে।"
খামারিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে লোকসান গুনতে গুনতে অনেক প্রান্তিক খামারি ইতিমধ্যে খামার বন্ধ করতে বাধ্য হয়েছেন। দ্রুত বাজারে সঠিক মনিটরিং ও কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে দেশের পোল্ট্রি শিল্প বড় ধরনের সংকটে পড়বে বলে তারা সতর্ক করেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খামারিদের কর্মসূচির কারণে কিছু সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছিল। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
আজকালের খবর/কাওছার আল হাবীব