নরসিংদীর রায়পুরায় নিখোঁজের চার দিন পর তাসকিয়া নামে ৭ বছরের এক কন্যা শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাসকিয়া পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামের মামুন মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় তাসকিয়া। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোমবার সকালে বালুয়াকান্দি চরে একটি অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবার ও পুলিশকে খবর দেয়। পরে তাসকিয়ার পরিবার ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তথ্য-উপাত্ত সংগ্রহসহ জোর তৎপরতা চালাচ্ছে। দ্রুতই এই হত্যাকাণ্ডের আসল কারণ জানা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আজকালের খবর/কাওছার আল হাবীব