ময়মনসিংহের গৌরীপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফিয়া আমীন পাপ্পার সভাপতিত্বে সভায় তামাক নিয়ন্ত্রণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে—ব্যাপক গণসচেতনতা তৈরি, তামাকজাত পণ্যের অবৈধ বিজ্ঞাপন অপসারণ, অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ থেকে তামাকের দোকান অপসারণসহ কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ।
সভায় ধূমপান ও তামাকের ক্ষতিকর দিক তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. দিবাকর ভাট। তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা। এছাড়া ময়মনসিংহ অঞ্চলে তামাকবিরোধী আন্দোলন, বর্তমান প্রেক্ষাপট, আইন বাস্তবায়নের প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ তামাকবিরোধী জোটের সদস্য এবং সতিশা যুব ও কিশোর সংঘের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মুহাম্মদ সিহাব উদ্দিন, সতিশা যুব ও কিশোর সংঘের সভাপতি মো. অলি উল্লাহসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ।
আজকালের খবর/কাওছার আল হাবীব