কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চিকনী আউজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালীন শ্রেণিকক্ষের ছাদ থেকে পলেস্তারাসহ একটি চলন্ত বৈদ্যুতিক পাখা (ফ্যান) খুলে পড়েছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা।
সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের প্রথম শ্রেণির কক্ষে এই ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনার সময় প্রথম শ্রেণির কক্ষে একজন শিক্ষিকা পাঠদান করাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে ছাদের পলেস্তারাসহ একটি বৈদ্যুতিক পাখা খুলে সরাসরি মেঝেতে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা ভয়ে চিৎকার শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাখাটি ঠিক শিক্ষিকার টেবিল এবং শিক্ষার্থীদের প্রথম বেঞ্চের মাঝখানের ফাঁকা জায়গায় পড়ে। মাত্র কয়েক ইঞ্চির ব্যবধানের কারণে কোনো শিক্ষার্থী বা শিক্ষক হতাহত হননি। তবে চোখের সামনে এমন ঘটনায় কোমলমতি শিশু ও অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম ভূঞা বলেন, "পাঠদান চলাকালে হঠাৎ করেই ছাদের পলেস্তারাসহ ফ্যানটি খুলে পড়ে। আল্লাহর অশেষ রহমতে কেউ আহত হয়নি। আমি তাৎক্ষণিকভাবে ঘটনার ভিডিও ধারণ করেছি এবং বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার মহোদয়কে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা সদরে এসেছি।"
স্থানীয় অভিভাবকেরা জানান, একই শ্রেণিকক্ষে আরও একটি বৈদ্যুতিক পাখা ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলছে। জরাজীর্ণ ভবনের কারণে এই দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে তারা দ্রুত বিদ্যালয় ভবনটি পরিদর্শন ও প্রয়োজনীয় সংস্কার করে শিশুদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব