![]() |

টানা বৃষ্টির মধ্যেও উৎসবমুখর পরিবেশ, দর্শকদের উচ্ছ্বাস এবং রুদ্ধশ্বাস লড়াইয়ে গাজীপুরে অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় দিনের ম্যাচটি পরিণত হয় এক প্রাণবন্ত ফুটবল উৎসবে।
রবিবার (২১ জুন) বিকেলে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপের পরীক্ষায় কালিয়াকৈর একাদশকে ৩-২ গোলে পরাজিত করে ময়মনসিংহের ব্রহ্মপুত্র এক্সপ্রেস ফুটবল দল। এই জয়ের মাধ্যমে দলটি টুর্নামেন্টের পরবর্তী পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।
ম্যাচজুড়ে দুই দলই আক্রমণাত্মক ও গতিময় ফুটবল উপহার দিলেও বৃষ্টিভেজা মাঠে তৈরি হওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। তবে ট্রাইব্রেকারে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের খেলোয়াড়রা অসাধারণ আত্মবিশ্বাস ও দক্ষতার পরিচয় দিয়ে জয় নিশ্চিত করেন। পুরো ম্যাচে দুই দলের তরুণ ফুটবলারদের গতি, সমন্বয় ও লড়াকু মানসিকতা দর্শকদের মুগ্ধ করে।
ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানের শুরুতে গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে স্মারক সম্মাননা প্রদান করা হয়। পরে তিনি গ্যালারিতে বসে পুরো ম্যাচ উপভোগ করেন।
এ সময় তিনি বলেন, “যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. হান্নান মিয়া (হান্নু), সদস্য সচিব মো. আব্দুর রউফ বাবুল, আব্দুর রহিম খান কালা, মহানগর কৃষক দলের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম নিপু, ফখরুল ইসলাম, ওমর ফারুক, সুলতান আকন্দ, সিরাজুল ইসলাম, শ্যামল, লুৎফুর রহমান লাতুসহ ক্রীড়া ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে দেশের বিভিন্ন জেলার ১৬টি শক্তিশালী দল নিয়ে নকআউট পদ্ধতিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। প্রথম রাউন্ড শেষে বিজয়ী দলগুলো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং আগামী ১০ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনালে অংশ নেবে।
অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিকেএসপি, শাইখ স্পোর্টস (দিনাজপুর), কালিয়াকৈর একাদশ, ব্রহ্মপুত্র এক্সপ্রেস (ময়মনসিংহ), সানবান্ধা স্পোর্টিং ক্লাব (টাঙ্গাইল), স্কুটার আব্দুল গফুর ফুটবল একাডেমি (নরসিংদী), কাপাসিয়া একাদশ, থ্রি ব্রাদার্স একাদশ (জামালপুর), একরাম স্মৃতি ফুটবল একাডেমি (মানিকগঞ্জ), ভাষানটেক ফুটবল ক্লাব (ঢাকা), বগুড়া জেলা দল, এসআরএফসি (ঠাকুরগাঁও), কুমিল্লা জেলা দল, টঙ্গী ফুটবল একাডেমি এবং ঝিনাইদহ জেলা দল।
প্রতিযোগিতার আকর্ষণ বাড়াতে চ্যাম্পিয়ন দলের জন্য ৩ লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্য ২ লাখ টাকা প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে। এছাড়া সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, সেরা গোলরক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “মাদককে না বলি, খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখেই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
তাদের মতে, এটি শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়; বরং খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, ইভটিজিং ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলার একটি সামাজিক উদ্যোগ।
আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্ট গাজীপুরে ফুটবলের বিকাশ, নতুন প্রতিভা অন্বেষণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজকালের খবর/ এমকে