সোমবার ২২ জুন ২০২৬
রোহিঙ্গা সংকট, শ্রমিক কল্যাণ ও বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ-মালয়েশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:৩১ এএম   (ভিজিট : ৩)
রোহিঙ্গা সংকট মোকাবিলা, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। আজ সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যৌথ সংবাদ সম্মেলনে এ বিষয়ে একমত হন দুই নেতা।

বৈঠকে রোহিঙ্গা সংকটকে বিশেষ গুরুত্ব দিয়ে উভয় দেশ নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই উপায়ে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তন নিশ্চিত করতে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, রোহিঙ্গা সংকটের মূল কারণ সমাধানে আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, মালয়েশিয়া ভবিষ্যতেও আসিয়ানের বিভিন্ন প্রক্রিয়া এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে সম্পৃক্ত থাকবে।

দুই নেতার আলোচনায় শ্রমবাজার ও অভিবাসী কর্মীদের কল্যাণের বিষয়টিও গুরুত্ব পায়। তাঁরা স্বীকার করেন যে, মালয়েশিয়ার অর্থনীতিতে বাংলাদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ করা এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তাঁরা।

আনোয়ার ইব্রাহিম বলেন, বিদেশি শ্রমিকরা মালয়েশিয়ার জন্য গুরুত্বপূর্ণ হলেও তাদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা আরও বেশি জরুরি। তিনি বলেন, শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণ রক্ষা করতে হবে এবং কোনো ধরনের শোষণ বা দুর্ব্যবহার সহ্য করা হবে না। এজন্য তিনি আরও স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানও এ বিষয়ে একমত পোষণ করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সাশ্রয়ী ও স্বচ্ছ নিয়োগব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেন। তিনি অনিয়মিত অভিবাসীদের বৈধকরণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়েও আলোচনা করেন।

বৈঠকে উভয় দেশ নৈতিক ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করা এবং অভিবাসী শ্রমিকদের অধিকতর সুরক্ষা প্রদানে সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত নেয়।

মানবিক ও শ্রম বিষয়ক সহযোগিতার পাশাপাশি দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে দ্রুত একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করার বিষয়ে সম্মত হন। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং নতুন সম্ভাবনাময় খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

আনোয়ার ইব্রাহিম জানান, বিজ্ঞান ও প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জ্বালানি এবং উন্নত উৎপাদন শিল্পে দুই দেশের সহযোগিতা সম্প্রসারিত হবে, যা উচ্চমূল্য সংযোজনভিত্তিক শিল্পখাতের বিকাশে সহায়ক হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি মালয়েশিয়ার বিনিয়োগকারীদের তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, জ্বালানি, হালাল শিল্প, শিক্ষা, প্রতিরক্ষা এবং ডিজিটাল প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি মালয়েশিয়াকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু ও অংশীদার হিসেবে উল্লেখ করেন।

বৈঠকে আঞ্চলিক সহযোগিতার বিষয়ও উঠে আসে। বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আগ্রহ প্রকাশ করে এবং রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ-এ যোগদানের ইচ্ছার কথা জানায়। মালয়েশিয়া এ বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে।

এছাড়াও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। তাঁরা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি বিশ্বাস করি, আজকের আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft