নওগাঁর বদলগাছী উপজেলায় প্রথাগত চাষাবাদের বাইরে গিয়ে অসময়ে তরমুজ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন তরুণ উদ্যোক্তা রবিউল ইসলাম। আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারে তার এই ব্যতিক্রমী সাফল্য এখন স্থানীয় চাষিদের মাঝে নতুন আশার আলো দেখাচ্ছে। উপজেলার মথুরাপুর ইউনিয়নের মামুদপুর মৌজায় ৬৬ শতাংশ জমিতে সম্পূর্ণ ভিন্নধর্মী এই চাষাবাদ শুরু করেন তিনি। জমি ও সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে রবিউল একই সাথে তিন জাতের তরমুজ এবং সাথী ফসল হিসেবে শসার চাষ করেছেন।
উদ্যোক্তা রবিউল ইসলাম জানান, তিনি বিগবাইট, সুইটবাইট এবং সূর্যডিম—এই তিন জাতের অফ-সিজন বা অসময়ের তরমুজ চাষ করেছেন। বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে শসাসহ এই তরমুজ ন্যূনতম ২ লাখ থেকে আড়াই লাখ টাকায় বিক্রি হবে বলে তিনি আশা করছেন, যা স্বাভাবিক মৌসুমের চেয়ে অনেক বেশি লাভজনক।
এ বিষয়ে বদলগাছী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান বলেন, তরুণ উদ্যোক্তা রবিউল ইসলাম অসময়ে উন্নত জাতের তরমুজ চাষ করে চমৎকার ফলন পেয়েছেন। মাঠ পরিদর্শনে দেখা গেছে, তরমুজগুলো আগামী ১৫-২০ দিনের মধ্যে বাজারজাতকরণের উপযোগী হবে। অসময়ে তরমুজ ও সাথী ফসল হিসেবে শসা চাষের এই অভিনব উদ্যোগ বদলগাছী এলাকার অন্যান্য বেকার যুবকদেরও আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব