সোমবার ২২ জুন ২০২৬
ইউপি চেয়ারম্যানের বাহিনীর হামলায় চ্যানেল ওয়ানের রিপোর্টার জখম
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৭:৫২ পিএম   (ভিজিট : ২০)
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু কর্তৃক প্রায় ১২ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল ওয়ান’-এর রিপোর্টার আবু সাঈদ অপু। আজ রোববার (২১ জুন) দুপুরে উপজেলার প্রধান বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় সাংবাদিকের মুখমণ্ডলে গুরুতর আঘাতসহ ক্যামেরা ও লাইভ ডিভাইস ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বাহিনীর বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ প্রধান বাজারের রাস্তার পাশে ১৫ শতাংশ ও পুকুরের ২৫ শতাংশসহ মোট ৪০ শতাংশ সরকারি জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবু। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। 

আজ দুপুরে ওই জমি দখলের বিষয়ে সরেজমিনে অনুসন্ধানী প্রতিবেদন করতে যান চ্যানেল ওয়ানের রিপোর্টার আবু সাঈদ অপু ও ক্যামেরাম্যান তাজুল ইসলাম। তথ্য ও ভিডিও চিত্র ধারণের সময় চেয়ারম্যানের নির্দেশে তার ‘কিশোরগ্যাং’ ও গুন্ডা বাহিনীর সদস্যরা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা সাংবাদিক অপুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে রক্তাক্ত করে এবং ক্যামেরাম্যানের কাছ থেকে পিটু ক্যামেরা, ট্রাইপড ও লাইভ ডিভাইস মেশিন ছিনিয়ে নেয়। এ সময় তারা ভবিষ্যতে জমি দখল নিয়ে সংবাদ করতে এলে সাংবাদিকদের হাত-পা ভেঙে লাশ গুম করার হুমকি দেয়। পরে স্থানীয়রা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায় এবং আহত সাংবাদিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

রিপোর্টার আবু সাঈদ অপু জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে চেয়ারম্যানের বাহিনী তাদের ওপর হামলা চালায় এবং লাখ টাকার সরকারি ডিভাইস ও ক্যামেরা ভাঙচুর করে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকেরা ঘটনাস্থলে ছুটে যান এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শী মিনারুল ইসলাম বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনকে আসামি করে থানায় একটি এজাহার দাখিল করেছেন। বিষয়টি মামলা হিসেবে নথিভুক্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft