ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শফিকুর রহমানের ওপর হামলা ও তার কক্ষ ভাঙচুরের ঘটনায় সুমন মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার সকালে কসবা রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত সুমন মিয়া উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রোওমান মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি কসবা রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ সময় ট্রেনের ইঞ্জিনে মাছের পোনা নিয়ে বসা এক মৎস্য চাষীর কাছ থেকে কে বা কারা ১০০ টাকা ভাড়া হিসেবে আদায় করে।
এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সুমন মিয়া স্টেশন মাস্টার শফিকুর রহমানের কক্ষে গিয়ে বাগবিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে সে স্টেশন মাস্টারের ওপর হামলা চালায় এবং তার অফিসের টেলিফোন, সিগন্যালিং যন্ত্রাংশ ও কম্পিউটার মনিটরসহ মূল্যবান সামগ্রী ভাঙচুর করে। পরে স্থানীয়রা সুমনকে আটক করে কসবা থানা পুলিশের কাছে সোপর্দ করে।
কসবা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুমন মিয়া হঠাৎ তার কক্ষে এসে গালাগাল শুরু করে এবং এক পর্যায়ে হামলা ও ভাঙচুর চালায়। এই ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, স্টেশন মাস্টারের ওপর হামলা ও কক্ষ ভাঙচুরের ঘটনায় এক যুবককে আটক করার পর আখাউড়া রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, আসামিকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে এবং স্টেশন মাস্টারের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব