রবিবার ৭ জুন ২০২৬
ধর্মপাশায় পূর্বশত্রুতার জেরে পিটিয়ে হত্যা
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৫:২৩ পিএম   (ভিজিট : ৩)
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামে পূর্বশত্রুতার জের ধরে নাসিম মিয়া (৩৮) নামের এক চা দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রবিবার (৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সুনই গ্রামের কারির বাজারে এই ঘটনা ঘটে। নিহত নাসিম ওই গ্রামের মঞ্জুরুল হকের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে নাসিম মিয়া তার চায়ের দোকানে যাচ্ছিলেন। এ সময় একই গ্রামের অলি, ডালি, আনু, সফু ও মোশারফের নেতৃত্বে ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। নাসিমের আত্মচিৎকারে তার বড় ভাই আল আমিনসহ আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় নাসিমকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আবু রায়হান সজীব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের বড় ভাই আল আমিন অভিযোগ করে বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার চাচাতো বোনের ছবি নিয়ে তাদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। নাসিম এর প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে অভিযুক্ত অলি জানান, নাসিমের মৃত্যুর ব্যাপারে তারা কিছুই জানেন না এবং এই ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft