গাজীপুরের শ্রীপুরে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর নাঈম হাসান (২৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর হাত-পা বাঁধা ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মহিলা মাদ্রাসার পেছনের শেখেরঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাঈম হাসান উপজেলার বরমী ইউনিয়নের বড়নল গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি বরমী বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। পাশাপাশি বাড়ির পাশের একটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ পরিচালনা করতেন।
নিহতের বাবা জামাল উদ্দিন জানান, মঙ্গলবার (২ জুন) রাত পৌনে ১২টার দিকে নাঈম বাড়ির পাশের মাছের প্রকল্প দেখতে টর্চলাইট নিয়ে বের হন। রাত গভীর হলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। প্রথমবার কল দিলে ফোন কেটে দেওয়া হয়, পরে একাধিকবার কল করলে ফোন বন্ধ পাওয়া যায়।
পরদিন সকাল পর্যন্ত বাড়িতে না ফেরায় সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বরকুল গ্রামের মহিলা মাদ্রাসার পেছনের শেখেরঘাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাঈমের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন,ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের খবর / রাশেদুল মিলন