গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও নগদ ৩ লাখ ৯৬ হাজার ১০০ টাকা উদ্ধারসহ সুলতান (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
রবিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে পাচ টায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার সাব-লাইন গ্রীনটেক্স কারখানার উত্তর পাশের একটি মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সুলতান ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার বাঘবেড় খালপাড় এলাকার মৃত হযরত আলীর ছেলে। তিনি বর্তমানে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় শাহজাহানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
অভিযান পরিচালনাকারী শ্রীপুর থানার এক উপ-পরিদর্শক (এসআই) রাখাল চন্দ্র দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুলতানকে ১ কেজি গাঁজা এবং নগদ ৩ লাখ ৯৬ হাজার ১০০ টাকাসহ আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অর্থ মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন,মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শ্রীপুর থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুলতানকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১ কেজি গাঁজা ও নগদ ৩ লাখ ৯৬ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে শ্রীপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আজকালের খবর/বিএস