রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সার্বিক প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দীন।
সোমবার (২৫ মে) তিনি সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়, স্থানীয় ৩৭ আনসার ব্যাটেলিয়ন ক্যাম্প এবং উপজেলা ভূমি অফিস ঘুরে দেখেন। এ সময় তিনি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মান বাড়াতে ও সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনারের সঙ্গে ছিলেন- নাজমা আশরাফী, জেলা প্রশাসক, রাঙ্গামাটি পার্বত্য জেলা মো. আনোয়ার সাদাত, জেলা প্রশাসক, খাগড়াছড়ি, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, ফজলে রাব্বি, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাঘাইছড়ি উপজেলা, নাছির উদ্দিন মজুমদার, অফিসার ইনচার্জ (ওসি), বাঘাইছড়ি থানা।
কাচালং সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে খোঁজ নেন। তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের আন্তরিক হওয়ার আহ্বান জানান।
উপজেলা ভূমি অফিস পরিদর্শনকালে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং দ্রুততম সময়ে ভূমি সেবা নিশ্চিত করতে সহকারী কমিশনার (ভূমি)-কে নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও আনসার ক্যাম্প পরিদর্শনকালে তিনি স্থানীয় নিরাপত্তা জোরদারে আনসার সদস্যদের ভূমিকার প্রশংসা করেন এবং বাঘাইছড়ি থানার ওসির সাথে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন।
সংশ্লিষ্টরা জানান, বিভাগীয় কমিশনারের এই সফরের ফলে স্থানীয় সরকারি দপ্তরগুলোর কাজের গতি আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের সরকারি সেবা প্রাপ্তি সহজতর হবে।
আজকালের খবর/বিএস