অপহরণের দুই দিন পর শিশু উম্মে হানিকে (৩) উদ্ধার করেছে নরসিংদী জেলার শিবপুর থানা পুলিশ| গত ১৫ মে শুক্রবার নরসিংদীর শিবপুর উপজেলার কলেজপাড়া থেকে উম্মে হানিকে অপহরণ করে নিয়ে যায় শরিফা খাতুন নামে এক নারী| এর দুইদিন পর রবিবার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সাহেব বাজার গেট এলাকা থেকে উদ্ধার করা হয় শিশুটিকে|
উদ্ধার হওয়া শিশুটি শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব নোয়ারা গ্রামের ইব্রাহিম মোল্লার মেয়ে| তারা শিবপুর কলেজপাড়ায় ভাড়া বাসায় থাকতেন|
উম্মে হানির মা জানান, একই বাসায় ভাড়া থাকার সুবাদে পরিচয় হয় শরিফা বেগমের সঙ্গে| শরিফা বেগমের বাড়ি সিলেটে| তার স্বামী শিবপুরের ধানুয়া গ্রামে একটি রাইস মিলে শ্রমিকের কাজ করতেন| শুক্রবার সকাল ১০টার দিকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে শরিফা খাতুন তার মেয়েকে নিয়ে পালিয়ে যান| পরে অনেক খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে সন্ধ্যায় শিবপুর থানায় অভিযোগ দায়ের করি|
অভিযোগের প্রেক্ষিতে তথ্য ও প্রযুক্তির সহায়তায় হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ ও র্যাব| র্যাবের সহযোগিতায় মাধপুর থানার সাহেব বাজার গেট এলাকা থেকে শরিফা খাতুনকে আটক ও শিশু উম্মে হানিকে উদ্ধার করা হয়|
এ ঘটনায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নতুন বাজার বাগবাড়ী গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৪২) ও তার স্ত্রী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উটি গ্রামের মরম আলীর মেয়ে শরিফা খাতুনকে (২৯) গ্রেপ্তার করা হয়|
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কোহিনুর মিয়া বলেন, থানায় অভিযোগ পাওয়ার পর থানার এসআই অনুপ নাগ, হাসান ও র্যাবের সহযোগিতায় অভিযুক্ত শরীফা খাতুনকে মাধবপুর থেকে আটক করার পর তার তথ্য মতে উম্মে হানিকে উদ্ধার করা হয়| এ ঘটনায় স্বামী -স্ত্রী দুই জনকে গ্রেপ্তার করা হয়|
আজকালের খবর/বিএস