শনিবার ১৬ মে ২০২৬
সলঙ্গায় হাতি দিয়ে অভিনব চাঁদাবাজি, ভোগান্তিতে জনসাধারণ
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ০)
সিরাজগঞ্জের সলঙ্গায় বিভিন্ন দোকানপাট, রাস্তা এবং মোড়ে মোড়ে হাতি দিয়ে সুকৌশলে অভিনব কায়দায় চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

শনিবার সকালে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়ক ও বিভিন্ন মোড়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, চলন্ত অটোরিকশাসহ বিভিন্ন গাড়ি থামিয়ে সাধারণ যাত্রী ও চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে। স্থানীয়রা জানান, হাতির পিঠে থাকা চালক (মাউত) সুকৌশলে হাতির সুঁড় গাড়ির ভেতর বা পথচারীদের দিকে বাড়িয়ে দেয়। 

বিশাল আকৃতির এই প্রাণীটিকে দেখে ভয় পেয়ে সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত দিতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ ও চালকেরা। বিশেষ করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং সাধারণ পথচারীরা হাতি দেখে আতঙ্কের মধ্যে চলাচল করছে। টাকা না দেওয়া পর্যন্ত হাতিটিকে গাড়ির সামনে থেকে সরানো হয় না। ফলে ব্যস্ততম এই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে এবং চরম ভোগান্তির শিকার হচ্ছেন জনসাধারণ। 

এ বিষয়ে হাতির মালিকের পরিচয় জানতে চাইলে চালক (মাউত) নিজের বা মালিকের নাম প্রকাশ করতে অপারগতা জানান। তবে টাকা নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি দাবি করেন, জোর করে নয়, বরং হাতির খাবারের খরচ জোগাতেই মানুষের কাছ থেকে এই টাকা নেওয়া হচ্ছে। 

হাতি দিয়ে এমন প্রকাশ্য ও অভিনব হয়রানি বন্ধের জোর দাবি জানিয়েছেন এলাকার সাধারণ জনগণ। সড়কে শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft