চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের ফাঁকে চীনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমি চীনকে দেখে খুবই মুগ্ধ।
হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ের ঝংনানহাই কমপ্লেক্সে হাঁটার সময় ট্রাম্প একপর্যায়ে গোলাপ ফুল দেখে মন্তব্য করেন, এগুলো যে কারও দেখা বিশ্বের সবচেয়ে সুন্দর গোলাপ।
চীনের কেন্দ্রীয় সরকারের প্রধান কার্যালয় ও প্রশাসনিক কেন্দ্র হলো ঝংনানহাই। এটি সাধারণত চীনের কমিউনিস্ট পার্টি (সিসিপি) ও রাষ্ট্রীয় পরিষদের (স্টেট কাউন্সিল) সদর দপ্তর হিসেবে কাজ করে
পরে টি-রুমে যাওয়ার পথে ট্রাম্পকে বলতে শোনা যায়, শি জিনপিং তাকে হোয়াইট হাউসের রোজ গার্ডেনের জন্য গোলাপ উপহার দেবেন।
এ সময় ট্রাম্প শি জিনপিংয়ের সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফরের বিষয়ও উল্লেখ করেন। আগামী ২৪ সেপ্টেম্বর শি’র যুক্তরাষ্ট্র সফর হতে পারে বলে জানান তিনি।
ট্রাম্প বলেন, পারস্পরিক বাণিজ্যের মতো এই সফরটিও হবে পারস্পরিক। তিনি আরও বলেন, আমরা সবকিছু খোলামেলাভাবে উপস্থাপন করব। আশা করি, আপনি যুক্তরাষ্ট্রে গিয়ে খুবই মুগ্ধ হবেন, যেমন আমি চীনকে দেখে হয়েছি।
এদিকে, বৈঠকের অংশ হিসেবে শুক্রবার (১৫ মে) বর্তমানে ট্রাম্প ও শি একটি কার্যকরী মধ্যাহ্নভোজে অংশ নেন।
হোয়াইট হাউজ জানিয়েছে, মধ্যাহ্নভোজের মেন্যুতে রয়েছে-
সামুদ্রিক স্যুপে কুচি করা কডফিশ, মচমচে ও ভাজা লবস্টার বল, মোরেল মাশরুম দিয়ে তৈরি প্যান-সিয়ারড বিফ ফিলে, কুং পাও চিকেন ও স্ক্যালপস, অল্প আঁচে ধীরে ধীরে রান্না করা মৌসুমি সবজি, বাঁশকুঁড়ি, মাশরুম ও বিনস, গরুর মাংসের পুরভরা পাউরুটি ও ধিমী আঁচে সেদ্ধ শুকরের মাংস, শ্রিম্প ডাম্পলিং, চকলেট ব্রাউনি, ফল ও আইসক্রিম এবং কফি ও চা।
অন্যদিকে, হোয়াইট হাউজের সফরসঙ্গী ও সাংবাদিকদের জন্য ভ্যানে করে ম্যাকডোনাল্ডস থেকে একাধিক আইটেম সরবরাহ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: বিবিসি