একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষাব্যবস্থার ওপর। কেবল পাঠদান নয়, মানবিক, নৈতিক ও আদর্শিক সমাজ গঠনের ক্ষেত্রেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা অপরিসীম। তাই শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের ঐক্য এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে একযোগে কাজ করতে হবে-গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস। গতকাল শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোডস্থ আহনাফ কিচেনে আয়োজিত এ পরিচিতি সভা রূপ নেয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের এক মিলনমেলায়।
অনুষ্ঠানে নবগঠিত ১৯ সদস্য বিশিষ্ট সদর মেট্রো থানা কমিটির আনুষ্ঠানিক পরিচিতি তুলে ধরা হয় এবং শিক্ষাব্যবস্থার উন্নয়ন, সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব আজিজুল ইসলাম মানুর সভাপতিত্বে এবং সদর মেট্রো থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রওনাক উদ্দিন। তিনি বলেন, বর্তমান সময়ে কেজি স্কুলগুলো দেশের প্রাথমিক শিক্ষার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে। শিশুদের মেধা, নৈতিকতা ও সৃজনশীল বিকাশে এসব প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। তাই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু এবং শিক্ষক-অভিভাবক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কেজি স্কুল পূবাইল মেট্রো থানা অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মাসুদুর রহমান সিদ্দিকী।
তিনি বলেন, শিক্ষার মান ধরে রাখতে হলে প্রতিযোগিতার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও ঐক্য প্রয়োজন। শিক্ষার্থীদের আধুনিক, প্রযুক্তিনির্ভর ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে শিক্ষক সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মেট্রো থানা কমিটির উপদেষ্টা মোঃ শহিদুল ইসলাম শহিদ, ফেরদৌসী বেগম, শাহাদাত হোসেন রানা ও ওসমান আলী। তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা ও সমাজ উন্নয়নে এ সংগঠন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় ঘোষণা করা হলে উপস্থিত অতিথি ও শিক্ষাবিদরা করতালির মাধ্যমে তাদের শুভেচ্ছা জানান।
নবগঠিত ১৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সাইফুল ইসলাম (সাইফুল’স মডেল স্কুল), সহ-সভাপতি সালাম সিকদার (হলিসন স্কুল), সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ (ব্রাইট স্টার কিন্ডারগার্টেন), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ (গাজীপুর পাইওনিয়ার স্কুল এন্ড কলেজ), সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হামিদ (প্রতিভা এডুকেশন সেন্টার), সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান (আফিয়া প্রি ক্যাডেট হাই স্কুল), অর্থ সম্পাদক আসাদ উজ্জামান (স্কলার্স হাই স্কুল), প্রচার সম্পাদক জিহাদ রহমান (জেনিথ সেন্ট্রাল স্কুল), শিক্ষা বিষয়ক সম্পাদক ফারিয়া চৌধুরী মুন্নি (ছায়াবীথি কিন্ডারগার্টেন), মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মাসুদা পারভীন (গাজীপুর আইডিয়াল স্কুল), সমাজকল্যাণ সম্পাদক সেলিনা আক্তার (আলোকিত আদর্শ বিদ্যানিকেতন), ক্রীড়া সম্পাদক আসলাম শেখ (ওই ফাউন্ডেশন স্কুল) এবং দপ্তর সম্পাদক আজাহার ইসলাম (ঢাকা আইডিয়াল ক্যাডেট একাডেমি)। সদস্য হিসেবে রয়েছেন মাহমুদুল হাসান (গাজীপুর সেন্ট্রাল স্কুল), মাহফুজাহ ইসলাম তামান্না (গাজীপুর অক্সফোর্ড স্কুল), মনি, রাকিব ও শাহরিয়া আহমেদ (মুক্তিযোদ্ধা আইডিয়াল স্কুল)। অনুষ্ঠানে বিভিন্ন কেজি স্কুলের পরিচালক, প্রধান শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব