বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ভবদহ অঞ্চলের মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্ত করা আমাদের রাজনৈনিতক অঙ্গীকার। যশোর জেলার ভবদহ এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিবসা ও পশুর নদীর অববাহিকায় পলি ব্যবস্থপনা পরিকল্পনা প্রণয়ন করার জন্য সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শনিবার (১৬ মে) দুপুরে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যশোর পানি উন্নয়ন বোর্ড এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং কর্মশালার আয়োজন করে।
এ সময় প্রধান অতিথি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে ভবদহ সমস্যা সমাধানের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। সেই অর্থ লুটপাট হয়েছে সমস্যার কোন সমাধান হয়নি। যে কারণে জনগণের আস্থার সংকট রয়েছে। কাজের মাধ্যমে জনগণের আস্থার সংকট দূর করতে চাই। আমি নিজে ভবদহ সমস্যা প্রত্যক্ষ করেছি। সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলেছি। ২০০১ সালে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর টি আর এম প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভবদহ পাড়ের মানুষকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করেছিলো। ভুক্তভোগীরা ২০১৩ সাল পর্যন্ত তার সুফল পেয়েছিলো। নির্মোহ ভাবে ভবদহের ক্ষতি গ্রস্থদের তালিকা করার নির্দেশ প্রদান করেন প্রতিমন্ত্রী। যাতে করে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতি পূরণ পান।
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর - ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল, যশোর -৫ আসনের সংসদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক, যশোর - ৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আজিম আহমেদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক রুহুল আমিন প্রমুখ।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাছরিন আক্তার খান। পরামর্শ প্রতিষ্ঠান আইডব্লিউএমের সিনিয়র স্পেশালিষ্ট শেখ নাহিদুজ্জামান সমীক্ষা প্রকল্পের উপর উপস্থাপনা করেন। এ সময় বক্তব্য রাখেন ভবদহ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার, ইকবাল কবির জাহিদ, সাবেক ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ প্রমুখ।
আজকালের খবর/বিএস