গাজীপুরের শ্রীপুরে সন্তানের জন্য দুধ আর মা-স্ত্রীর জন্য কাপড় আনতে গিয়ে নিখোঁজ হওয়া অটোরিকশা চালক আসিফ হোসেনের (২১) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি এলাকার একটি গজারি বনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আসিফ রাজাবাড়ি ইউনিয়নের বগার ভিটা উত্তরপাড়া এলাকার হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। তিনি গত দেড় মাস ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।
নিহতের পরিবার জানায়, গত বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আসিফ। রাতে ফেরার সময় তার সাত মাস বয়সী মেয়ের জন্য দুধ এবং মা ও স্ত্রীর জন্য কাপড় নিয়ে আসার কথা ছিল। কিন্তু রাত ১০টার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরদিন সকালে বাড়ির পাশের গজারি বনের ভেতর আসিফের গলাকাটা মরদেহ দেখতে পান তার শ্যালক জিসান।
খবর পেয়ে গাজীপুর জেলা পুলিশ ও শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের পাশ থেকে নারীর স্যান্ডেল, পুরুষের স্যান্ডেল, মাথার ক্যাপ ও একটি ওড়না উদ্ধার করা হয়েছে। নিহতের হাতে কামড়ের দাগ পাওয়া গেছে। এছাড়া পার্শ্ববর্তী এক পরিত্যক্ত বাড়ি থেকে তার অটোরিকশাটি উদ্ধার করা হয়।
গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসিফের এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব