চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চুরি হওয়া বিপুল পরিমাণ নগদ অর্থ ও মোবাইল ফোনসহ দুই চোরকে ফেনী থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো— চট্টগ্রামের সাতকানিয়া এলাকার মো. সবুজ (৩০) ও মো. ইউসুফ (৬৫)।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার এমএন ওয়াসিম ফিরোজ জানান, গত ২১ এপ্রিল নাচোল উপজেলার সোনাইচণ্ডী গরুর হাট থেকে জুয়েল বণিক নামে এক ব্যক্তির ১০ লাখ টাকা ও চেক বইসহ একটি ব্যাগ চুরি হয়। নাচোল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ফেনী থেকে অভিযুক্তদের গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে নগদ ৬ লাখ ৭৪ হাজার টাকা, চুরির টাকায় কেনা একটি অটোরিকশা ও ব্যাটারি, চুরি যাওয়া মোবাইল ফোন এবং চেক বই উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব