কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ মানবপাচারকারী শাকের মিয়া ওরফে শাকের মাঝিকে (৪২) আটক করেছে পুলিশ।
গত বুধবার সন্ধ্যায় উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে শাকের মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। সে মুন্ডারডেইল এলাকার কবির আহমদের ছেলে।
পুলিশ জানায়, আন্দামান দ্বীপপুঞ্জগামী নৌকাডুবির ঘটনায় মানবপাচারের অন্যতম মূল হোতা হিসেবে শাকের মাঝির নাম উঠে আসে। দীর্ঘদিন ধরে সে এলাকায় মানবপাচার চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মানবপাচার, মাদক, অস্ত্র ও চোরাচালানসহ মোট ১১টি মামলা রয়েছে। আটক শাকের মাঝির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি নেমে এসেছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব