রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৩ মে) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, মাদক বিক্রির দায়ে রাজবাড়ী এলাকার কাঞ্চন দাস (৩৫) ও চক্রপাড়ার অংকিতা চাকমা (৩৫)-কে ২৫.৫০০ লিটার চোলাই মদসহ আটক করা হয়। একই সাথে রিজার্ভ বাজার এলাকা থেকে ইয়াবা কারবারে জড়িত সাজ্জাদ (২২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
মাদক সেবনের অপরাধে আটক করা হয়েছে খাগড়াছড়ির পানছড়ি এলাকার নিয়তী রঞ্চন (৩২) ও লিটন চাকমা (২৬) এবং বরকল উপজেলার অনুজ চাকমা (২৫)-কে। এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামি মোঃ সাইদুল (২০) ও মোঃ ইসমাইল হোসেন (৩৩)-কেও এই অভিযানে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, রাঙ্গামাটি পৌরসভার সামনে, কে কে রায় সড়ক, রাজবাড়ী ও রিজার্ভ বাজারসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান চালানো হয়। মাদকের বিস্তার রোধ ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের আভিযানিক কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব