পটুয়াখালীর বাউফলে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৬ উপলক্ষে স্বচ্ছতা নিশ্চিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ২৫৬ জন কৃষক নির্বাচন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই লটারির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি ও খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত কৃষকদের নিয়ে এই লটারি সম্পন্ন হয়।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বাউফলে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৬৮ মেট্রিক টন। ধান বিক্রির জন্য মোট ৭৮৫ জন কৃষক আবেদন করেছিলেন। লটারির মাধ্যমে নির্বাচিত ২৫৬ জন কৃষকের প্রত্যেকের কাছ থেকে সর্বোচ্চ ৩ হাজার কেজি (৩ টন) করে ধান সংগ্রহ করা হবে। এছাড়া জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য আরও ৫০ জন কৃষককে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। উন্মুক্ত এই লটারি প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।
তারা জানান, লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করায় কোনো ধরনের স্বজনপ্রীতি বা মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপের সুযোগ নেই। উপজেলা প্রশাসন আশা করছে, এই স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে চলতি মৌসুমের ধান সংগ্রহ অভিযান সফলভাবে সম্পন্ন হবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব