নাটোরের গুরুদাসপুরে নারীসহ গ্রেফতার হওয়া নাজিরপুর ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার হামলাইকোল এলাকায় আদম ব্যবসায়ী বুলবুলের বাড়ি থেকে তার স্ত্রী রুমা আক্তার লাবনী (৩৩) ও রেজাউল করিম রেজাকে (৪২) আটক করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে রুমাকে গাঁজা প্রস্তুত করতে এবং রেজাকে টাকার হিসাব করতে দেখা যায়। স্থানীয়দের দাবি, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
এদিকে, গ্রেফতারের ১৭ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। গুরুতর কোনো মাদক মামলা না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক জাহিদ হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈতিক স্খলন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আদর্শ পরিপন্থী কাজে লিপ্ত থাকার অপরাধে রেজাকে দলের সদস্য পদসহ সকল স্তরের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম জানান, কোনো বাদী না পাওয়ায় এবং তল্লাশিকালে মাদক উদ্ধার না হওয়ায় পুলিশ ১৫১ ধারায় মামলা রুজু করে আসামিদের নাটোর কারাগারে প্রেরণ করেছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব