শনিবার ২ মে ২০২৬
জলাবদ্ধতা নিরসনে প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিডিএ চেয়ারম্যানের
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৯:০১ পিএম   (ভিজিট : ৯)
চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পসমূহ পরিদর্শন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম। এ সময় তিনি নগরীর জামালখান খাল ও হিজড়া খাল এলাকায় সেনাবাহিনীর ৩৪তম ব্রিগেড কর্তৃক চলমান প্রকল্পভুক্ত বিভিন্ন স্থানে কাজের জন‍্য প্রদত্ত সাময়িক বাঁধসমূহ অপসারণ কাজ তদারকি করেন। পরিদর্শনকালে জনদুর্ভোগ লাঘবে প্রকল্প বাস্তবায়নকারী বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনে কর্মরত ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের দ্রুত বাঁধ অপসারণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন সিডিএ চেয়ারম্যান। 

চট্টগ্রামের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে  ৩৬টি খাল পুনঃখনন, সম্প্রসারণ ও সংস্কারের কাজ চউকের প্রকল্প হিসাবে বাস্তবায়নাধীন। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে। ইতোমধ্যে ৩৪টি খালের কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট জামালখান খাল ও হিজড়া খালের কাজ চলমান রয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, খাল দু’টিতে কাজের সুবিধার্থে অস্থায়ী বাঁধ দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। তবে সাম্প্রতিক ভারী বর্ষণে বাঁধের কারণে কোন কোন স্থানে জলজটের সৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ের আগেই বাঁধ অপসারণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পাশাপাশি বর্ষা মৌসুম শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট অংশের কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহম্মদ মঈনুদ্দিন এ সময় উপস্থিত ছিলেন ।

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম। পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ১৮০ দিনে ২৮ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সিডিএ। “কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প” এলাকায় একটি চালতা গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সিডিএ চেয়ারম্যান। এ সময় বক্তারা বৃক্ষরোপণের পাশাপাশি গাছের চারাগুলোর যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। পরিপূর্ণ বৃক্ষে পরিণত না হওয়া পর্যন্ত নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে চউকের সদস্য (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ নূরুল্লাহ নুরী, সদস্য মো. জামিলুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.জি.এম. সেলিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনজুর হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.এ.এম. হাবিবুর রহমান, প্রকল্প পরিচালক রাজিব দাশ, উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী, অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আনিসুল হক পাটওয়ারী, অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ, অথরাইজড অফিসার-২ মো. তানজিব হোসেন, উর্ধ্বতন স্থপতি মো. গোলাম রব্বানী চৌধুরী উপস্থিত ছিলেন।

আজকালের খবর/একে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft