বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
আসাম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে কারা এগিয়ে?
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১১:৫২ পিএম   (ভিজিট : ১০৯)
ভারতের পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, কেরালা, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও বিধানসভা নির্বাচন হয়েছে। আজ বুধবার সেগুলির বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ভারতীয় গণতন্ত্রের ইতিহাস বলছে, অনেক সময়ই ভোটের প্রকৃত ফলের সঙ্গে বুথ ফেরত সমীক্ষা বা জনমত সমীক্ষার পূর্বাভাস মেলে না। তবে মিলে যাওয়ার উদাহরণও রয়েছে। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় কেরালায় সরকার বদলের ইঙ্গিত দিয়েছে। আসাম, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ক্ষমতাসীন জোটের প্রত্যাবর্তনের বার্তা দেওয়া হয়েছে সমীক্ষায়।

আসাম

এই রাজ্যে বিধানসভা আসনের সংখ্যা ১২৬। সরকার গড়তে দরকার ৭৪টি আসন। ২০২১ সালে ৭৫টিতে জিতে সরকার গড়েছিল বিজেপি-এজিপি (আসাম গণ পরিষদ) জোট। কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ৫০ এবং অন্যরা ১টিতে জিতেছিল। মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপির হিমন্ত বিশ্বশর্মা।

এবার কয়েকটি বুথ ফেরত সমীক্ষা বলছে, আসামে ফের সরকার গড়ছে বিজেপি। একাধিক বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে বিজেপি। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে, বিজেপি জোট ৮৮-১০০ এবং কংগ্রেস জোট ২৪-৩৬টি আসন পেতে পারে। ম্যাট্রিজ়ের বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত, এনডিএ ৮৫-৯৫, ইন্ডিয়া জোট ২৫-৩২ এবং নির্দল ও অন্যরা ৬-১২টিতে জিততে পারে। জেভিসি-টাইমস নাউ বুথ ফেরত সমীক্ষা বলছে, এনডিএ ৮৮-১০১, ইন্ডিয়া জোট ২৩-৩৩ এবং অন্যদের ঝুলিতে ২-৫টি বিধানসভা আসন আসার সম্ভাবনা।

কেরালা

দীর্ঘদিনের ‘পরিবর্তনের প্রথা’ ভেঙে দক্ষিণের এই রাজ্যে ২০২১ সালে ক্ষমতায় প্রত্যাবর্তন করেছিল সিপিএম নেতৃত্বাধীন জোট এলডিএফ। ১৪০ বিধানসভা আসনের কেরালায় সরকার গড়ার জাদু সংখ্যা ৭১। বাম জোট ৯৯ এবং কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ৪১টিতে জিতেছিল। টানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সিপিএমের পিনারাই বিজয়ন।

এবার কেরালায় ক্ষমতার পালাবদল হতে পারে বলে কয়েকটি বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত মিলেছে। ম্যাট্রিজ় এবং পিপল্‌স পাল্‌সের বুথ ফেরত সমীক্ষা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়েছে। দু’টি সমীক্ষাতেই ইঙ্গিত দেওয়া হয়েছে, এলডিএফ ৬০-৬৫, ইউডিএফ ৭০-৭৫ এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৩-৫টি আসনে জিততে পারে। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার দাবি, এলডিএফ ৪৯-৬২, ইউডিএফ ৭৮-৯০ এবং এনডিএ ০-৩টিতে জিততে পারে।

তামিলনাড়ু

টানা এক দশকের খরা কাটিয়ে ২০২১ সালের বিধানসভা ভোটে ক্ষমতা দখল করেছিল এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে। কংগ্রেস, বাম এবং কয়েকটি আঞ্চলিক দলকে নিয়ে গড়া ‘ইন্ডিয়া’র তামিল সংস্করণ ‘সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্স’ (এসপিএ) জিতেছিল ১৫৯টিতে। এডিএমকে, বিজেপি, পিএমকের জোট এনডিএ পেয়েছিল ৭৫টি।

এবার ম্যাট্রিজ়ের বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস, ‘ইন্ডিয়া’ ১২২-১৩২, এনডিএ ৮৭-১১০, চিত্রতারকা থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাঝাগাম’ (টিভিকে) ১০-১২টি আসন জিততে পারে। অন্যরা পেতে পারে ০-৬টি। পিপল্‌স পাল্‌সের বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস, ‘ইন্ডিয়া’ ১২৫-১৪৫, এনডিএ ৬৫-৮০, টিভিকে ১৮-২৪ এবং অন্যরা ২-৬টিতে জিততে পারে। চাণক্য স্ট্র্যাটেজিসের দাবি, ডিএমকে জোট ১৪৫-১৬০, এডিএমকে জোট ৫০-৬৫ এবং ১৮-২৬টি পেতে পারে।

জেভিসি-র বুথ ফেরত সমীক্ষা অবশ্য এগিয়ে রেখেছে এডিএমকে-বিজেপি জোটকে। তাদের ইঙ্গিত, তারা ১২৮-১৪৭টিতে জিতবে। ডিএমকে-কংগ্রেস-বাম জোট ৭৫-৯৫ এবং টিভিকে ৮-১৫টিতে জিততে পারে। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় চাঞ্চল্যকর পূর্বাভাস দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, দ্রাবিড় রাজনীতির দীর্ঘ ছয় দশকের ডিএমকে-এডিএমকে সমীকণের পরম্পরা ভেঙে টিভিকে ৯৮-১২০টি আসনে জিততে পারে। ডিএমকে জোটের ঝুলিতে ৯২-১১০ এবং এডিএমকে জোটের ২২-৩২টি আসন পাওয়ার সম্ভাবনা।

পুদুচেরি

কেন্দ্রশাসিত অঞ্চলটিতে বিধানসভা আসনের সংখ্যা ৩০। সরকার গড়তে ১৬টি আসনে জয় প্রয়োজন। ২০২১ সালের বিধানসভা ভোটে এনআর কংগ্রেস-বিজেপি জোট (এনডিএ) ১৬, ডিএমকে-কংগ্রেস জোট (‘ইন্ডিয়া’) ৮ এবং নির্দল ও অন্যরা ৬টি আসনে জিতেছিল। মুখ্যমন্ত্রী হয়েছিলেন এনআর কংগ্রেস নেতা এন রঙ্গস্বামী।

অ্যাক্সিস মাই ইন্ডিয়ার ইঙ্গিত, এনডিএ ১৬-২০, ‘ইন্ডিয়া’ ৬-৮, টিভিকে ২-৪ এবং নির্দল ও অন্যরা ১-৩টি জিততে পারে। অন্যদিকে, পিপলস‌্‌ পাল্‌সের পূর্বাভাস, এনডিএ ১৬-১৯, ‘ইন্ডিয়া’ ১০-১২, এবং নির্দল ও অন্যদের ১-২টিতে জয়ের সম্ভাবনা।

আজকালের খবর/একে









Advertisement
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামের জলাবদ্ধ এলাকা পরিদর্শন স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
আলোচনায় ‘আশিকি’ নায়কের নতুন রূপ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দাবিতে বেকার মুক্তি পরিষদের মানববন্ধন
মিজানুর রহমানের ‘সার্টিফায়েড প্রফেশনালস ইন এসএমই ফাইন্যান্সিং’ডিগ্রি লাভ
ওপেক ছাড়ার ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft