দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং বর্তমানে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। খুব দ্রুত জ্বালানি সংক্রান্ত সমস্যা পুরোপুরি কেটে যাবে বলেও এসময় তিনি আশ্বস্ত করেন।
উপদেষ্টা জাহেদ বলেন, বর্তমানে মজুত থাকা ডিজেলের বাইরেও আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আগামী ৩০ এপ্রিলের মধ্যেই দেশে পৌঁছাবে। ফলে দেশে জ্বালানি তেলের জোগান নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
দেশের বিভিন্ন জ্বালানি পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন আর দেখা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতির উন্নতি ঘটছে এবং খুব শিগগির জ্বালানি সংকট পুরোপুরি দূর হয়ে যাবে।গণমাধ্যমে ভুল তথ্য বা অপপ্রচার রোধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি জানান, ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়টি সরকার কোনোভাবেই সহ্য করবে না।
সংবাদপত্রের স্বাধীনতা এবং যৌক্তিক সমালোচনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকার চায় গণমাধ্যম আরও বেশি বেশি যৌক্তিক সমালোচনা করুক। কিন্তু দায়িত্বহীনতার পরিচয় দিয়ে কোনো ধরনের অপতথ্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে। সংবাদকর্মীদের তিনি দায়িত্বশীল এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানান।
দেশে জঙ্গিবাদ পরিস্থিতি নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের অস্তিত্ব একেবারে নেই, সেটি যেমন সত্য নয়, তেমনি এর ঝুঁকি নিয়ে জনভীতির কোনো কারণ আছে—তাও সঠিক নয়।
তিনি মনে করেন, অতীতের বিভিন্ন সময়ে জঙ্গি নিয়ে যে মাত্রায় প্রচার চালানো হয়েছে তা অনেক ক্ষেত্রে ছিল অতিরঞ্জিত। আবার অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে যে দাবি করা হয়েছিল যে দেশে কোনো জঙ্গিই নেই, সেটিও বাস্তবসম্মত ছিল না। বর্তমানে কিছুটা ঝুঁকি থাকলেও তা স্বাভাবিক পর্যায়েই আছে।
সীমান্ত হত্যা নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা জানান, গত সময়ের তুলনায় সীমান্তে হত্যার হার প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হয়েছে। তবে সরকারের লক্ষ্য হলো সীমান্তে সব ধরনের হত্যাকাণ্ডের ইতি ঘটানো এবং একে পুরোপুরি শূন্যের কোঠায় নামিয়ে আনা।
তিনি আশা প্রকাশ করেন, প্রতিবেশী দেশের সঙ্গে নিরবচ্ছিন্ন কূটনৈতিক তৎপরতা বজায় রাখলে এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। সীমান্ত সমস্যার স্থায়ী সমাধানের জন্য বর্তমান সরকার কূটনৈতিক সব পথ খোলা রেখেছে এবং এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।
আজকালের খবর/ এমকে