স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ বুধবার জাতীয় সংসদে তার অফিস কক্ষে ইউনেসকোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন: ইউনেসকো বাংলাদেশ-এর হেড অভ কমিউনিকেশন এন্ড ইনফরমেশন ফারহানা শাহনাজ এবং মিডিয়া এন্ড ইনফরমেশন প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল।
সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে পুলিশ প্রশিক্ষণ ও সংস্কার, মিডিয়া ও পুলিশের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বজায়, মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা, সাংবাদিকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাক্ষাতের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ইউনেসকোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজকে স্বাগত জানান।
ইউনেসকোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ বলেন, পুলিশ ও সাংবাদিকদের প্রশিক্ষণ নিয়ে ইউনেসকোর চলমান প্রকল্প রয়েছে। তিনি বলেন, পুলিশের প্রশিক্ষণ নিয়ে আইজিপি'র সঙ্গে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি মিললে আগামী জুনের মধ্যেই তাঁরা প্রশিক্ষণ শুরু করতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে সম্মতি জানিয়ে দ্রুত প্রশিক্ষণ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সুসান ভাইজ জানান, জাতীয় নির্বাচনের পূর্বে এসপি ও ওসি পদমর্যাদার সাতশ পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ইউনেসকোর সহযোগিতায় প্রতিটি বিভাগীয় সদর দপ্তরে ডিআইজি ও এসপি পদমর্যাদার কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের পরামর্শ দেন। তিনি এতে পুলিশের বিভিন্ন ইউনিটের মিডিয়া শাখায় কর্মরত কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হলে প্রশিক্ষণটি ফলপ্রসূ হবে বলে অভিমত ব্যক্ত করেন। তিনি প্রশিক্ষণ কর্মসূচি শনিবার অনুষ্ঠিত হলে তা অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তাদের জন্য সুবিধাজনক হবে বলে মত প্রকাশ করেন।
সুসান ভাইজ জানান, মিডিয়ার সাংবাদিকদের জন্য অনুরূপ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে ইউনেসকো। সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে এর সঙ্গে জবাবদিহির বিষয়টিও গুরুত্বপূর্ণ। তিনি পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে ইউনেসকো প্রতিনিধিরা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন উপস্থিত ছিলেন।
আজকালের খবর/বিএস