বুধবার ২৯ এপ্রিল ২০২৬
জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত
চট্টগ্রামে জলাবদ্ধতার জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:৫৯ পিএম   (ভিজিট : ১৩৮)
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে এই সংকট থেকে চট্টগ্রামের মানুষকে মুক্তি দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম-১০’র এমপি সাঈদ আল নোমানের জলবদ্ধতা নিরসনের আহ্বান জানানোর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তার বক্তব্যে এক পর্যায়ে দুঃখ প্রকাশ করেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, গতকাল মঙ্গলবার থেকে সংবাদমাধ্যমে আমিও দেখেছি অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম শহরের একটি বড় অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এটি শুধু চট্টগ্রামেরই নয়, সারাদেশের ঘটনা। এই জলাবদ্ধতা দূরীকরণে একজন রাজনৈতিক বিশেষজ্ঞ ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি যে খাল খনন করেছিলেন সেই খাল খননের মাধ্যমেই এই জলাবদ্ধতা দূরীকরণ করা যাবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা সেই পদক্ষেপই গ্রহণ করেছি। দেশজুড়ে খাল খনন কর্মসূচি পরিচালনা হচ্ছে। ঢাকায় যে সকল লেক ও ড্রেনেজ সিস্টেম রয়েছে সেগুলোও পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। জনগণকে সচেতন করতে হবে আমাদের সবাইকে। প্লাস্টিক, পলিথিন দিয়ে যেন নালাগুলো বন্ধ হয়ে না যায় এ বিষয়ে জনগণকে সচেতন করার জন্য সংসদ সদস্যদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে টানা বৃষ্টির পর সৃষ্ট জলাবদ্ধতায় বিপর্যস্ত বন্দরনগরী চট্টগ্রাম। এ পরিস্থিতির জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন সিটি মেয়র শাহাদাত হোসেন। গতকাল বুধবার সকালে নগরীর প্রবর্তক মোড় এলাকায় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন। গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতাপ্রবণ এলাকার পাশাপাশি নতুন নতুন এলাকাও পানিবন্দি হয়ে পড়ে, এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। পরিস্থিতি পর্যবেক্ষণে মঙ্গলবার বিকেল ও রাত এবং বুধবার দুপুরে প্রবর্তক এলাকা পরিদর্শন করেন মেয়র শাহাদাত হোসেন।

জলাবদ্ধতা প্রসঙ্গে মেয়র বলেন, গতকাল মঙ্গলবার ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। যদিও প্রকল্পের কাজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সেনাবাহিনীর কনস্ট্রাকশন ব্রিগেড করছে, তারপরও নগরবাসীর কাছে আমি ক্ষমা চাইছি। তিনি আরো বলেন, এই শহর সবার। শহরকে জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে। তবে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। যত্রতত্র ময়লা, প্লাস্টিক ও পলিথিন ফেলে আবার শুধু কর্তৃপক্ষকে দোষ দিলে চলবে না।

জলাবদ্ধতার কারণ ব্যাখ্যা করে মেয়র জানান, খাল সংস্কার কাজের জন্য দেওয়া অস্থায়ী বাঁধগুলোর কারণে পানি নামতে পারেনি। বিশেষ করে হিজড়া খালের আশপাশে প্রায় ৩০টির মতো বাঁধ থাকায় পানি জমে যায়। পরে বাঁধ খুলে দেওয়ার পর পানি ধীরে ধীরে নেমে যায়। তিনি বলেন, বর্ষা মৌসুম সামনে। দীর্ঘমেয়াদি প্রস্তুতির অংশ হিসেবে এসব কাজ করা হচ্ছে। অনেক জায়গায় ভবন ভাঙতে গিয়ে আইনি জটিলতার কারণে সময় লেগেছে।

মেয়র জানান, ইতোমধ্যে বাঁধ অপসারণের কাজ শুরু হয়েছে এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে সব সেবাসংস্থার সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। একটানা কয়েক ঘণ্টার ভারি বৃষ্টিকে জলাবদ্ধতার অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, এত ভারি বৃষ্টি বৈশাখে হবে তা আমরা কল্পনা করিনি। তবে ভয় পাওয়ার কিছু নেই। আমরা প্রস্তুতি নিয়ে কাজ করছি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, গতবার ৫০-৬০ শতাংশ জলাবদ্ধতা কমানো সম্ভব হয়েছে। এবার তা ৭০-৮০ শতাংশে নামিয়ে আনা যাবে।” মেয়র আরো জানান, নগরীর মেডিকেল, চকবাজার, পাঁচলাইশ, কাতালগঞ্জ ও মুরাদপুর এলাকায় বেশি পানি জমেছিল। দ্রুত পানি সরাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্পের আওতায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড ২০১৬ সাল থেকে কাজ করছে বলে জানান তিনি। অধিকাংশ খালের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগের ২৪ ঘণ্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৯১ মিলিমিটার। বর্ষা শুরুর আগেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় নগরবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে খাল সংস্কারের জন্য দেওয়া বাঁধ কেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজকালের খবর/বিএস 










Advertisement
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালীর ওপর কখনোই নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান
আন্তর্জাতিকভাবে কোণঠাসা অবস্থায় ইসরায়েল!
সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দাবিতে বেকার মুক্তি পরিষদের মানববন্ধন
মিজানুর রহমানের ‘সার্টিফায়েড প্রফেশনালস ইন এসএমই ফাইন্যান্সিং’ডিগ্রি লাভ
ওপেক ছাড়ার ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft