হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিল্টন হোটেলে নৈশভোজের সময় হঠাৎ গুলির শব্দ শোনা গেছে। এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া হামলাকারীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট।
সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে ওয়াশিংটন হিলটন নামের হোটেলে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। এ সময় বেশ কয়েকজন সিক্রেট সার্ভিস এজেন্ট চিৎকার করে বলেন, ‘গুলি চলছে’।
পরিস্থিতি সম্পর্কে অবগত একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা জানান, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ মন্ত্রিসভার কোনো সদস্য আহত হননি। সবাই নিরাপদে আছেন।
মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে এবং তাদের ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘বন্দুকধারীকে আটক করা হয়েছে।’
এ ঘটনার পর সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সন্দেহভাজন বন্দুকধারী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, লোকটিকে আটক করা হয়েছে। তারা তার অ্যাপার্টমেন্টে গেছে। আমার ধারণা, সে ক্যালিফোর্নিয়ায় থাকে। সে মানসিকভাবে অসুস্থ—খুবই অসুস্থ। আমরা চাই না এ ধরনের ঘটনা ঘটুক।
তিনি আরও জানান, এই ঘটনাটি ফার্স্ট লেডির জন্য মানসিক আঘাত ছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিক্রিয়া ছিল ‘অসাধারণ’।
তিনি বলেন, আমরা এটি পুনরায় আয়োজন করব। আমরা আবার করব। কাউকে আমাদের সমাজকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করতে দেব না। আমরা কোনো কিছু বাতিল করব না।
আজকালের খবর/বিএস