শনিবার ২৫ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিকে ‘অর্থহীন’ বলল হিজবুল্লাহ, লেবাননের দক্ষিণে লড়াই চলছেই
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২:১৪ পিএম   (ভিজিট : ১৪৬)
মেয়াদ তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা আসার একদিন পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতিকে অর্থহীন আখ্যা দিল লেবাননের ইরান-ঘেঁষা রাজনৈতিক-সামরিক গোষ্ঠী হিজবুল্লাহ।

এদিকে শুক্রবার লেবাননের কর্তৃপক্ষ ইসরায়েলি হামলায় দুইজন নিহতের কথাও নিশ্চিত করেছে। এদিন হিজবুল্লাহ একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিতও করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবাননের দুই রাষ্ট্রদূতকে নিয়ে বৈঠক করার পর বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন। আগের ১০ দিনের যুদ্ধবিরতিটি রোববার শেষ হওয়ার কথা ছিল।

চলতি মাসের মাঝামাঝি যুদ্ধবিরতির ঘোষণা আসার পর লেবাননে সহিংসতার পরিমাণ অনেকখানি কমলেও দক্ষিণ লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহ’র মধ্যে লড়াই থামেনি। ইসরায়েল সেখানে স্বঘোষিত এক ‘বাফার জোনে’ তার সেনাদের রেখেছে।

যুদ্ধবিরতির মেয়াদবৃদ্ধির ঘোষণার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ’র সাংসদ আলি ফায়াদ বলেছেন, “এটা বলা জরুরি যে—হত্যাযজ্ঞ, গোলাবর্ষণ ও গুলি চালানোসহ আক্রমণাত্মক সব কর্মকাণ্ড ইসরায়েল যেভাবে চালিয়ে যাচ্ছে এবং দক্ষিণে গ্রাম ও শহর ধ্বংস করছে তাতে এই যুদ্ধবিরতি অর্থহীন।”

“প্রতিটি ইসরায়েলি হামলা, প্রতিরোধ অক্ষকে যথাযথ জবাব দেওয়ার অধিকার দিচ্ছে,” বলেছেন তিনি।

হিজবুল্লাহ এ যুদ্ধবিরতি চুক্তির অংশ নয়। তারা ইসরায়েলের সঙ্গে লেবাননের মুখোমুখি বসা ও সরাসরি যোগাযোগেরও বিরোধী।

এপ্রিলের ১৬ তারিখ হওয়া প্রথম ১০ দিনের যুদ্ধবিরতিতেও ইসরায়েলি সেনাদেরকে যুদ্ধে তাদের দখল করা দক্ষিণ লেবাননের এলাকা থেকে চলে যাওয়ার শর্ত দেওয়া হয়নি।

ইসরায়েল বলছে, তাদের এই ‘বাফার জোনের’ লক্ষ্যই হচ্ছে উত্তর ইসরায়েলকে হিজবুল্লাহ’র হামলা থেকে রক্ষা করা।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা শুরুর পর হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে শত শত রকেট ছুড়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধে হিজবুল্লাহ ঢুকে পড়ার পর ইসরায়েলের অভিযানের অন্যতম প্রধান লক্ষ্যে পরিণত হয় লেবানন। ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় প্রায় আড়াই হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

তারাই শুক্রবার দক্ষিণাঞ্চলের তুলিন গ্রামে ইসরায়েলি বিমান হামলায় দুইজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

এদিন একটি ইসরায়েলি ড্রোনকে গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে হিজবুল্লাহ। পরে ইসরায়েলি সামরিক বাহিনীও ড্রোনটি হারানোর কথা স্বীকার করে নেয়।

হিজবুল্লাহ বলছে, যে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে, সেটি হার্মিস ৪৫০। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে সেটিকে মাটিতে নামানো হয়েছে।

শুক্রবার সারাদিনজুড়ে বৈরুতের একটি ইসরায়েলি ড্রোনের চক্কর মারার শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন রয়টার্সের এক সাংবাদিক।

এটিই হিজবুল্লাহ ভূপাতিত করেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণের শহর দেইর আমেসের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ারও নির্দেশ দিয়েছে। সেখানে হিজবুল্লাহ’র কর্মকাণ্ড দমনে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে তারা, এ কথা জানিয়ে ওই নির্দেশ দেয় তারা।

ইসরায়েলি সেনারা এখন দক্ষিণ লেবাননের যে এলাকাটুকু দখল করে রেখেছে দেইর আমেসের অবস্থান তার উত্তর দিকে। ১৬ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এবারই প্রথম ইসরায়েল লেবাননের কোনো এলাকার বাসিন্দাদের বাড়িঘর ছাড়তে বলল।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইসরায়েলের সীমান্তে ডুকে পড়ার আগে একটি ড্রোনও প্রতিহত করেছে, এজন্য বিধি অনুযায়ী আকাশপথে হামলার সতর্ক সঙ্কেত বা সাইরেনও বাজানো হয়েছিল। 

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য নাজমুল গ্রেপ্তার
যে ভঙ্গুর অর্থনীতি পেয়েছি সেটাকে রিভাইভ করা সহজ নয়: অর্থমন্ত্রী
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অর্থনৈতিক সংকট কাটাতে নতুন উদ্যমে কাজ করছে দেশবন্ধু গ্রুপ
দুই প্রজন্মের কন্ঠে ‘বাবা ছেলের গান’
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft