ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোটের আগে ফের তল্লাশি অভিযানে ইডি। এবার রেশন দুর্নীতি মামলায়। হাবড়ায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।
জানা গেছে, উত্তর ২৪ পরগনার হাবড়ার একাধিক জায়গায় আজ শনিবার সকাল থেকে তল্লাশি অভিযান চলছে। স্থানীয় সূত্রে খবর, একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে।
ইডি সূত্রে খবর, একটি মামলায় আর্থিক তছরুপের সূত্রেই চাল ব্যবসায়ীদের বাড়িতে গিয়েছে কেন্দ্রীয় সংস্থা। শনিবার ভোরে কলকাতার সিজিও কমপ্লেক্স থেকে ইডি'র একাধিক দল রওনা দেয়। ব্যবসায়ীদের বাড়ির বাইরে বেশ কিছুক্ষণ তাদের অপেক্ষা করতে হয়েছিল। দাবি, অনেক ডাকাডাকির পরও সাড়া মেলেনি। দীর্ঘক্ষণ পর দরজা খোলা হয় এবং ইডি, কর্মকর্তারা ভিতরে প্রবেশ করে তল্লাশি অভিযান শুরু করেন।
স্থানীয় সূত্রে দাবি, হাবড়ার তিন চাল ব্যবসায়ীর বাড়িতে ইডি গেছে। সেখানে তল্লাশি চলছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে ইডি। ইডি সূত্রে খবর, এই দুই ব্যবসায়ীর মাধ্যমে প্রচুর পরিমাণে গম বাংলাদেশ পাচার হয়েছিল। এখান থেকে বিপুল পরিমাণ টাকা লেনদেন হয়েছিল। এই সব বিষয়েই খতিয়ে দেখতে তল্লাশি চলছে।
২০২১ সালে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে ১৭৫ গাড়ি চাল ও গম বাংলাদেশে পাচার করা হচ্ছিল। সীমান্তরক্ষী বাহিনী সেই গাড়িগুলি আটক করে। সেই ঘটনার জেরে গত মার্চ মাসের শেষ দিকে হাবড়ার চাল ব্যবসায়ী নিরঞ্জন সাহার বাড়িতে ইডি তল্লাশি ও অভিযান চালায়। শনিবার সকালে সাগর সাহা, পার্থ সাহা ও রাজীব সাহা নামে আরও তিন চাল ব্যবসায়ীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান শুরু করে। ইডি কর্মকর্তারা বাড়ির ভিতরে ঢুকেছেন। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
প্রসঙ্গত, রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে গত কয়েক সপ্তাহ ধরেই নানা মামলায় ইডি সক্রিয় রয়েছে। কখনও বাড়ি বা অফিসে গিয়ে তল্লাশি চলছে, কখনও আবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হচ্ছে সন্দেহভাজনদের। তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীকেও তলব করা হয়েছে। কেউ হাজিরা দিয়েছেন, কেউ নির্বাচনী প্রচারের ব্যস্ততার কথা বলে হাজিরা এড়িয়ে গিয়েছেন। এবার হাবড়ার চাল ব্যবসায়ীরা ইডি'র নজরে।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল প্রথম দফায় রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। আগামী ২৯ এপ্রিল রয়েছে দ্বিতীয় দফায় বাকি ১৪২টি আসনের ভোটগ্রহণ। হাবড়াতেও ভোট দ্বিতীয় দফাতেই। ভোটের ফল জানা যাবে ৪ মে।
আজকালের খবর/ এমকে