মালয়েশিয়ার সেলাঙ্গর অঙ্গরাজ্যে অবৈধ বিদেশি শ্রমিক নিয়োগে জড়িত একগুঁয়ে নিয়োগ কর্তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
গতকাল বৃহস্পতিবার ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, বৃহস্পতিবার একযোগে আটটি স্থানে এই অভিযান পরিচালিত হয়। পুত্রজায়ার ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। অভিযানে সেমেনিহে তিনটি, সেরি কেম্বাঙ্গানে দু'টি এবং জেনজারোম, চেরাস ও সেরদাংয়ে একটি করে মোট আটটি স্থানে তল্লাশি চালানো হয়।
তিনি বলেন, জনসাধারণের অভিযোগ এবং দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। এতে বিভিন্ন পদমর্যাদার ৫২ জন কর্মকর্তা অংশ নেন এবং মোট ৮৮ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে ৬৬ জন বিদেশি এবং ২২ জন স্থানীয় নাগরিক ছিলেন।
অভিযানে ২৯ থেকে ৫০ বছর বয়সী মোট ৪৫ জন বিদেশিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯ (বি) ধারায় অপরাধ করার সন্দেহে তদন্ত চলছে।
একই অভিযানে অবৈধ শ্রমিক নিয়োগের অভিযোগে স্থানীয় নাগরিকদের বিরুদ্ধে ৯টি ‘সাক্ষী সমন’ (ফর্ম-২৯) জারি করা হয়েছে, যা তদন্তে সহায়তার জন্য দেওয়া হয়েছে।
জাকারিয়া শাবান আরও জানান, অবৈধ শ্রমিক নিয়োগ বন্ধ এবং সরকারি নীতিমালা লঙ্ঘনকারী নিয়োগ কর্তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন বিভাগ তাদের অভিযান আরও জোরদার করবে।
তিনি বলেন, আইন লঙ্ঘনকারী বিদেশিদের পাশাপাশি যেসব নিয়োগ কর্তা ইচ্ছাকৃতভাবে বা অবহেলার কারণে অবৈধ শ্রমিক নিয়োগ দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের আপস করা হবে না। আটক সকল বিদেশিকে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।
আজকালের খবর/ এমকে