বাংলা নববর্ষের দিনে দিনাজপুর জেলার বিরামপুর পৌর এলাকার মির্জাপুর শিব মন্দির চত্বরে ৩২০ বছরের পুরোনো শিব পূজা ও চৈত্র সংক্রান্তির মেলা বসছে। মেলার সকল প্রকার আয়োজন সম্পন্ন নিয়ে কমিটি ব্যস্ত সময় পার করছে।
আয়োজক সূত্রে জানা গেছে, এই এলাকার তৎকালীন রাজা ভৈরব চন্দ্র বিরামপুরের মির্জাপুর জামলেশ্বর মন্দিরে বাংলা ১১১১ সন থেকে চৈত্র সংক্রান্তির দিনে শিব পূজা ও মেলার সূচনা করেন। সেই থেকে প্রতি বছর চৈত্র সংক্রান্তির দিনে প্রজারা খাজনা দিতে আসেন এবং শিব পূজা ও মেলায় শামিল হন। কালক্রমে মেলাটির পরিধি বাড়তে থাকে এবং এর খ্যাতি ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী জেলা সমূহে। গৃহস্থালী সরঞ্জাম, হরেক রকমের বাহারী মিষ্টি, শিমূল তুলা, সনাতনীদের পূজা অর্চনার দ্রব্যাদি, মূর্তি, পঞ্জিকা, ও কাঠের আসবাবপত্রের জন্য মেলাটি প্রসিদ্ধ হয়ে ওঠে। এক দিনের জন্য মেলা শুরু হলেও কাঠের আসবাবপত্র থাকে ২/৩ সপ্তাহ পর্যন্ত।
মন্দির কমিটির সভাপতি (ভার:) অধ্যক্ষ শিশির কুমার সরকার বলেন, প্রতি বছরের ন্যায় এবারও পঞ্জিকা মতে চৈত্র সংক্রান্তির দিনে অর্থাৎ ১৪ এপ্রিল মঙ্গলবার শিব পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। তাদের আনুষ্ঠানিকতায় কোন প্রতিবন্ধকতা নেই।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শান্ত কুমার কুণ্ডু ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিরামপুর উপজেলা আহবায়ক পবন কুমার শীল বলেন, পূজা এবং মেলা উদযাপনে এলাকাবাসী ও প্রশাসন সার্বিক সহায়তা করছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, সনাতনীদের পূজা অর্চনা ও মেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
আজকালের খবর/বিএস