শনিবার ১৮ এপ্রিল ২০২৬
পীরগাছায় হিজবুত তাওহীদের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:০৫ পিএম   (ভিজিট : ১০২)
রংপুরের পীরগাছা উপজেলার নাগদাহ এলাকায় হিজবুত তাওহীদের বিরুদ্ধে ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড, প্রতারণা এবং মিথ্যা মামলার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় নাগদাহ এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে দ্রুত বিচার ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- এলাকার বাসিন্দা ও হিজবুত তাওহীদের করা মামলার এক নম্বর আসামি নুর আলম। তিনি অভিযোগ করেন, ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি পীরগাছা থানার পারুল ইউনিয়নের সিদামহাট এলাকায় হিজবুত তাওহীদের সদস্য কুদ্দুস ও শামীমের বাড়িতে একটি ‘ইসলামবিরোধী’ অনুষ্ঠান আয়োজন করা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

তিনি বলেন, ২৫ ফেব্রুয়ারি সকালে কয়েকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি খালি হাতে বুঝাতে গেলে অতর্কিত হামলা করে হিজবুত তাওহীদের সশস্ত্র সদস্যরা। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে অন্তত ১৫ জনকে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ করা হয়। আহতদের মধ্যে ঈমান আলী ও বদি নামের দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

ঘটনার পর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে সমঝোতার প্রস্তাব আসে বলে জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত রেখে উভয় পক্ষ সমঝোতায় রাজি হয়, এ লক্ষ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয় বলেও অভিযোগ করা হয়। কিন্তু পরে হিজবুত তাওহীদের পক্ষ থেকে সমঝোতা থেকে সরে গিয়ে উল্টো ৭ টি মামলা দায়ের করা হয়।

নুর আলম বলেন, আমাদের করা দুটি মামলা এখনও থানায় কার্যকর হয়নি, অথচ আমাদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আদালতে জামিন নিতে গেলেও হামলার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, হিজবুত তাওহীদের কিছু মতাদর্শ ও কর্মকাণ্ড ইসলামবিরোধী এবং সামাজিকভাবে বিভ্রান্তিকর। এসব বিষয়ে তদন্তের দাবি জানান বক্তারা।

এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে মুক্তার হোসেন ও ইসমাইল হোসেন ইমন বক্তব্য রাখেন। তারা অবিলম্বে নাগদাহ এলাকার ৬০-৬২ জন নিরীহ মানুষের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার বিচার দাবি করেন।
এর আগে একই দিন নাগদাহ বাজারে শত শত মানুষ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন।

সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দ্রুত সমাধান না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
হাদি হত্যায় অস্ত্র বিক্রেতা মাজেদুলের দায় স্বীকার
দেশের ৫ জেলায় বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ বাস্তবায়ন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
হরমুজ প্রণালি উন্মুক্ত করল ইরান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft