রবিবার ৫ জুলাই ২০২৬
শ্রীপুরে বিদেশি ‘চাপাই-কোপাই’ মরিচে চীনা উদ্যোক্তার সাফল্য, কৃষিতে নতুন দিগন্তের সম্ভাবনা
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:১৩ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ৫:৫৯ পিএম  (ভিজিট : ৪১৩)
গাজীপুরের শ্রীপুরে প্রথমবারের মতো ইন্দোনেশিয়ান জাতের ‘চাপাই-কোপাই’ মরিচ চাষ করে নজর কেড়েছেন এক চীনা উদ্যোক্তা। উচ্চ ফলন, বড় আকৃতির মরিচ এবং বাজারে সম্ভাব্য চাহিদার কারণে এ ফসলকে দেশের কৃষিতে নতুন সম্ভাবনার বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়েতখারচালা গ্রামে প্রায় এক একর জমিতে পরীক্ষামূলকভাবে এ মরিচের আবাদ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, গাছগুলো প্রায় দুই ফুট পর্যন্ত লম্বা হয়েছে এবং প্রতিটি গাছে ঝুলছে ১২ থেকে ১৪ ইঞ্চি লম্বা মরিচ। অধিক ফলনের কারণে অনেক গাছ ভেঙে পড়ার আশঙ্কা থাকায় খুঁটি দিয়ে বেঁধে রাখা হয়েছে। প্রতি গাছে ৩০ থেকে ৫০টি পর্যন্ত মরিচ ধরেছে, যা স্থানীয়দের কাছে বিস্ময়ের বিষয় হয়ে উঠেছে।

উদ্যোক্তা চীনা নাগরিক ছেন জিয়েন গাও জানান, ‘চাপাই-কোপাই’ মরিচ মূলত ইন্দোনেশিয়ায় জনপ্রিয় একটি জাত, যা বিভিন্ন চায়নিজ খাবারে ব্যবহৃত হয়। নিজস্ব রেস্তোরাঁর চাহিদা পূরণের লক্ষ্যেই তিনি বাংলাদেশে এর চাষ শুরু করেন। তিনি বলেন, বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর এবং এখানে কৃষি কাজ করে ভালো ফল পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে শুরু করলেও ভবিষ্যতে বড় পরিসরে উৎপাদনের পরিকল্পনা রয়েছে তার।


মরিচ ক্ষেতের দেখভালের দায়িত্বে থাকা শ্রমিক আরিফ হোসেন বলেন, অল্প জমিতেই উল্লেখযোগ্য পরিমাণ মরিচ পাওয়া যাচ্ছে। প্রতিদিনই অনেক মানুষ এই নতুন জাতের মরিচ দেখতে আসছেন, যা এলাকায় আগ্রহ সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দা ও আব্দুল কাদির প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীন জানান, এ ধরনের নতুন ফসল চাষ এলাকায় কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করছে। অনেকেই এখন এই মরিচ চাষে আগ্রহ দেখাচ্ছেন।

জমির মালিক আতিকুর রহমান প্রধান বলেন, তিনি তার এক একর জমি লিজ দিয়েছেন। প্রথম বছরেই ভালো ফলন হওয়ায় উদ্যোক্তা ভবিষ্যতে আরও জমি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, এই মরিচ দেখতে অনেকটা ক্যাপসিকামের মতো হলেও ঝালের মাত্রা বেশি। চায়নিজ রেস্তোরাঁসহ বিভিন্ন বাজারে এর চাহিদা থাকায় এটি সম্ভাবনাময় অর্থকরী ফসল হিসেবে বিবেচিত হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে চাষিদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, দেশের আবহাওয়া ও মাটিতে এ মরিচের সফল উৎপাদন কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

স্থানীয় কৃষকদের মতে, সঠিক বাজারব্যবস্থা ও পরিকল্পিত উৎপাদন নিশ্চিত করা গেলে ‘চাপাই-কোপাই’ মরিচ ভবিষ্যতে দেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

আজকালের খবর/রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft