রবিবার ২৪ মে ২০২৬
বিপাকে সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬:২৬ পিএম  আপডেট: ০৮.০৪.২০২৬ ৬:২৭ পিএম  (ভিজিট : ৯৩০)
কন্নড় সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’ মুক্তি পাওয়ার কথা ৩০ এপ্রিল। সিনেমার আইটেম গান ‘সারকে চুনার তেরি সারকে’ প্রকাশ পেয়েছিল গত মাসে। সঙ্গে সঙ্গেই শুরু হয় তীব্র বিতর্ক। অভিযোগ ওঠে, গানটির কথা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং অশ্লীল, যা জনসমক্ষে পরিবেশনের অযোগ্য।

এরপরই দিল্লি পুলিশের সাইবার সেলে অভিযোগ পড়ে। গানটি নিষিদ্ধের আবেদন জানানো হয়। ব্যাপক জনরোষের মুখে গানটি ইতিমধ্যে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সমস্যা তবু পিছু ছাড়ছে না।

গানটির অশালীন কথা এবং কুরুচিকর দৃশ্যায়নের অভিযোগে এবার নড়েচড়ে বসেছে জাতীয় মহিলা কমিশন। স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছে প্রতিষ্ঠানটি। গত সোমবার ছিল তার শুনানি। কেডি সিনেমার পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনের প্রতিনিধিরা শুনানিতে উপস্থিত ছিলেন।

শুনানিতে নোরা ফাতেহির পক্ষে তার আইনজীবী উপস্থিত হলেও মহিলা কমিশনের চেয়ারপারসন তা গ্রহণ করেননি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে এই স্পর্শকাতর বিষয়ে কথা বলতে হলে অভিনেত্রীকে নিজে উপস্থিত থাকতে হবে। কমিশন নোরাকে ২৭ এপ্রিল সশরীরে হাজির হওয়ার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে।

জবাবদিহির আওতায় আনা হয়েছে সঞ্জয় দত্তকেও। পেশাদার ব্যস্ততার কারণে তিনি বর্তমানে বিদেশে অবস্থান করায় সোমবারের শুনানিতে উপস্থিত হতে পারেননি। তবে কমিশন তাঁকে আজ ৮ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

শুনানিতে মহিলা কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সৃজনশীলতার নামে নারীর মর্যাদার সঙ্গে কোনোভাবেই আপস করা হবে না। যদিও কেডি সিনেমার নির্মাতারা দাবি করেছিলেন, তাঁরা গানের কথার গভীর অর্থ বুঝতে পারেননি। কিন্তু কমিশন সেই যুক্তি খারিজ করে দিয়েছে।

শেষমেশ নির্মাতারা তাদের ভুলের জন্য লিখিত ক্ষমা চেয়েছেন। তারা স্বীকার করেছেন যে গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে। আগামী তিন মাস তাঁরা নারী ক্ষমতায়ন নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কাজ করবেন এবং সেই রিপোর্ট কমিশনে জমা দেবেন।

এদিকে নোরা ফাতেহি এক ভিডিও বার্তায় দাবি করেছেন যে তাকে গানের সঠিক অর্থ বোঝানো হয়নি। কন্নড় ভাষা না জানায় তিনি নির্মাতাদের অনুবাদের ওপর ভরসা করেছিলেন। হিন্দি ভার্সন শোনার পর তিনি নিজেও অবাক হন এবং নির্মাতাদের কাছে আপত্তি জানান বলে দাবি করেছেন। এমনকি এআই দিয়ে তৈরি তাঁর বিকৃত ছবি গানটিতে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন নোরা ফাতেহি।

আজকালের খবর/আতে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft