বৃহস্পতিবার ৯ এপ্রিল ২০২৬
৮ বছরেও শেষ হয়নি নরসিংদী জেলা হাসপাতালের বর্ধিতাংশ, সেবাবঞ্চিত রোগীরা
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১২:৫৩ পিএম   (ভিজিট : ২৬৯)
দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ১৫০ শয্যার বর্ধিতাংশের নির্মাণকাজ এখনো শেষ হয়নি। ফলে উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার সাধারণ মানুষ।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দীর্ঘসূত্রিতার কারণে নতুন ভবনটি এখনো বুঝে নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে নরসিংদী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এস এম মুসা জানান, ভবনের প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তবে রঙ করা, লিফট স্থাপনসহ কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি রয়েছে, যা নিরাপত্তাজনিত কারণে বিলম্বিত হয়েছে। যদিও অসম্পূর্ণ কাজ রেখেই ভবন বুঝে নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

অন্যদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান এমএন হুদা কনস্ট্রাকশন লিমিটেড দাবি করেছে, তারা ২০২২ সালেই তাদের দায়িত্বপ্রাপ্ত কাজ সম্পন্ন করে ভবনটি হস্তান্তর করেছে।

জানা যায়, ২০১৮ সালে প্রায় ৪০ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে ১৩ তলা ফাউন্ডেশনের একটি ভবন নির্মাণ শুরু হয়। বর্তমানে ৮ তলা পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে। ভবনের বিভিন্ন তলায় জরুরি বিভাগ, আউটডোর, প্যাথলজি, অপারেশন থিয়েটার, আইসিইউ, ওয়ার্ড এবং প্রশাসনিক ব্লক স্থাপনের পরিকল্পনা রয়েছে।

সরেজমিনে দেখা যায়, ভবনের নিচতলায় চারটি লিফটের ব্যবস্থা থাকলেও এখনো তা চালুর উপযোগী হয়নি। এছাড়া ৮ম তলায় ডায়ালাইসিস সেন্টারের নির্মাণকাজ চলছে। সেখানে ইটের গাঁথুনি, প্লাস্টার, টাইলস বসানো ও দরজা স্থাপনের কাজ করছেন শ্রমিকরা।

নির্মাণ শ্রমিক আমিরুল ইসলাম জানান, তিনি প্রায় এক মাস ধরে ডায়ালাইসিস ইউনিটে কাজ করছেন। বর্তমানে প্লাস্টারের কাজ চলছে, এরপর টাইলস ও রঙের কাজ সম্পন্ন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এক মাসের মধ্যে কাজ শেষ হতে পারে।

এদিকে, চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহে সেন্ট্রাল অক্সিজেন লাইনের কাজ শেষ হলেও লিফট স্থাপনসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ এখনো বাকি রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু ভবন নির্মাণ করলেই হবে না; কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজন পর্যাপ্ত জনবল ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম। অসম্পূর্ণ ভবন বুঝে নিতে চাপ প্রয়োগের বিষয়টিও প্রশ্নবিদ্ধ বলে তারা মনে করছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান বলেন, “শতভাগ কাজ শেষ না হওয়া পর্যন্ত ভবন বুঝে নেওয়ার প্রশ্নই আসে না। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা এখনো অসম্পূর্ণ কাজের বিষয়টি চিহ্নিত করেছে।”

তিনি আরও জানান, কাজ সম্পূর্ণ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই ভবনটি বুঝে নেওয়া হবে।

এ পরিস্থিতিতে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করে হাসপাতালটি চালু করার জন্য সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল পাস
পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুকসুদপুরে মাদরাসা অধ্যক্ষ বরখাস্ত
দেবীদ্বারে পর্নোগ্রাফি মামলায় হানিট্রাপ খ্যাত লাইলি কারাগারে
জমির বিরোধে বাড়ির প্রবেশপথে পিলার স্থাপন, অপসারণের দাবি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft