সোমবার ২৫ মে ২০২৬
শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ স্কুল অধ্যক্ষের মৃত্যু
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১২:৪১ পিএম   (ভিজিট : ৩২৮)
গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহেদা আহমেদ (৫০) মারা গেছেন।

রোববার (২৯ মার্চ) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নিহতের স্বামী জসিম উদ্দিন।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, ঈদের ছুটি কাটাতে তিনি পরিবারের সঙ্গে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। গত ২৫ মার্চ রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে তিনি গুরুতর দগ্ধ হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

অবশেষে রবিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নুরুল করিম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দগ্ধ নারীকে তার স্বজনেরাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এদিকে, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, এ ঘটনায় থানাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft