![]() |

লক্ষ্মীপুর শহরের সাহাপুর সরকারি শিশু পরিবারের নিবাসীদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা। শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান।
আলোচনা সভা শেষে অতিথিরা শিশু পরিবারের ৬০ জন নিবাসী বালকের মাঝে ঈদের পোশাক বিতরণ করেন। বিতরণ করা পোশাকের মধ্যে ছিল জুতা, প্যান্ট, শার্ট, পাঞ্জাবিসহ অন্যান্য সামগ্রী।
শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক মোশারফ হোসেন জানান, সরকারি বরাদ্দে প্রতি বছরের মতো এবারও শিশুদের জন্য ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। শিশুদের নিয়ে বাজারে গিয়ে তাদের পছন্দ অনুযায়ী পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করা হয়েছে, যার জন্য প্রায় ৯৫ হাজার টাকা ব্যয় হয়েছে।
তিনি আরও জানান, অসহায় ও এতিম শিশুদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য এ আয়োজন করা হয়েছে। এছাড়া ঈদের দিন শিশু পরিবারের নিবাসীদের জন্য বিশেষ উন্নত মানের খাবারের ব্যবস্থাও করা হবে।