সোমবার ২৫ মে ২০২৬
শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে আগুন, দগ্ধ ৩
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:০০ এএম   (ভিজিট : ৪০৮)
গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। তাদের প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তায় অবস্থিত ‘আঃ সাহিদ সুপার ভিউ’ নামের একটি ভবনের সামনে বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। ভবনটিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিসহ বেশ কয়েকটি ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তৃতীয় তলা থেকে সপ্তম তলা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের গুদাম ও ফ্ল্যাট ভাড়া দেওয়া ছিল।

ট্রান্সফরমার বিস্ফোরণের পর সৃষ্ট আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে এবং ভবনের কয়েকটি কক্ষে আগুন ধরে যায়। এতে তিনজন দগ্ধ হন। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঈদকে সামনে রেখে আশপাশে বড় বড় বিপণিবিতান ও পাইকারি কাপড়ের বাজারে প্রচুর মানুষের সমাগম ছিল। আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় শতশত মানুষ আতঙ্কে ছোটাছুটি করলে কয়েকজন পড়ে গিয়ে আহত হন। প্রায় এক ঘণ্টা মাওনা–শ্রীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ ছিল।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ফুলকি ছিটকে কয়েকজন দগ্ধ হয়েছেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল করিম জানান, খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফরমার বিস্ফোরণের ফলে আগুনের ফুলকি ছিটকে পড়ে কয়েকজন দগ্ধ হন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft