বুধবার ২০ মে ২০২৬
মহাসড়কের অধিগ্রহণের অর্থ না পাওয়ায় প্রকৌশলীর ওপর হামলা, গ্রেপ্তার ১
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:৫৫ পিএম   (ভিজিট : ৩৬৬)
ঢাকা-সিলেট মহাসড়কের ছয়লেন প্রকল্পের সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাইফুর রহমানসহ তিনজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

গত সোমবার বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলায় নীলকুঠি গ্রামের মেশিনঘর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৫/৭ জনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেছেন সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাইফুর রহমান। পরে রাতেই অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

মামলায় আসামিরা হলেন, রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামের নামাপাড়ার মেশিনঘর এলাকার ফায়েজ উদ্দিন (৫৬), আফিল উদ্দিন (৫০) ও রাফি উদ্দিন (৪৮)। এর মধ্যে আফিলকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মাহসড়কের ছয়লেন প্রকল্পের আওতায় মহাসড়ক সম্প্রসারণসহ বিভিন্ন ধরনের কাজ চলছে। সোমবার দুপুরে মহাসড়কের রায়পুরা উপজেলার নীলকুঠি গ্রামের মেশিনঘর এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি বসানোর কাজ করছিলেন সোহেল মিয়া নামের একজন লাইনম্যান। ওই সময় সোহেলকে হুমকি দিয়ে কাজে বাধা দেন আসামিরা। এ ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে যান প্রকল্পের উপ সহকারী প্রকৌশলী সাইফুর রহমান। সেখানে যাওয়ার পরই তাঁর গাড়িচালক বাচ্চু মিয়ার ওপর অতর্কিত হামলা চালান আসামিরা।

একপর্যায়ে আফিল উদ্দিন লোহার রড দিয়ে সাইফুরের মাথায় আঘাত করে হেলমেট ভেঙে ফেলেন। তাকে বাঁচাতে গাড়িচালকসহ অন্যরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। পরে তাঁরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় মামলা করেন। এ ঘটনায় মামলা হওয়ার পরই মাহমুদাবাদ এলাকা থেকে আসামি আফিল উদ্দিনকে গ্রেপ্তার করে রায়পুরা থানা পুলিশ। 

খোঁজ নিয়ে জানা গেছে, উন্নয়ন প্রকল্পের আওতায় অধিগ্রহণে জমির টাকা পেয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা। কিন্তু ওই জমিতে যেসব স্থাপনা ছিল, অবৈধ হওয়ায় এগুলোর টাকা তাঁরা পাননি। এ নিয়েই তাদের মধ্যে ক্ষোভ ছিল।

পল্লী বিদ্যুতের লাইনম্যান সোহেল মিয়া বলেন, আমি দুপুরে মহাসড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি লাগানোর কাজ করছিলান। এসময় তিনজন লোক আমাদের সঙ্গে কথা-কাটাকাটি করে। একপর্যায়ে আমার গলায় দা ধরে তারা বলে, রাস্তা করার জন্য সরকার তাদের কাছ থেকে যে জমি নিয়েছে, এর মূল্য পায়নি। তাই সেখানে তারা আমাদের কোনো কাজ করতে দেবে না।  

আহত উপ সহকারী প্রকৌশলী সাইফুর রহমান বলেন, এরআগে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ চালানোর কারণেই ক্ষিপ্ত হয়ে তারা হামলা করে। হামলার পর আমরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মামলা করেছি।

ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক-২ মো. মাহবুব-এ-এলাহী বলেন, গত ২০ জানুয়ারি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাহমুদাবাদ এলাকায় আসামিদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ওই সময়ও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন তাঁরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিকেলে আমাদের উপসহকারী প্রকৌশলীর ওপর হামলা চালানে হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, আমরা হামলার ভিডিও রেকর্ড পেয়েছি। সেখানে আসামিদের সংশ্লিষ্টতার স্পষ্ট প্রমাণ রয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft