লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রফিকুজ্জামান পলাশ (৩৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার মোমিনপুর শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুজ্জামান পলাশ রংপুরের বদরগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি পাটগ্রামে একটি কোম্পানির শোরুম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার সকালে শোরুমের কাজে উদ্দেশ্যে বের হয়েছিলেন তিনি। পথিমধ্যে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের জোংড়া ইউনিয়নের মনিনপুর এলাকায় তার মোটরসাইকেলের সাথে বুড়িমারীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুর রশিদ সরকার বলেন, নিহতের পরিবারের লোকজন এবং শোরুমের লোকজনের মাধ্যমে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
আজকালের খবর/আরএম