শুক্রবার ১৭ জুলাই ২০২৬
প্রথম টি-টোয়েন্টিতে ৩৯ রানে হার বাংলাদেশের
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১১:৪৫ পিএম   (ভিজিট : ২০৩১)
প্রথম টি-টোয়েন্টিতে সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ ২০ ওভারে ১৪২/৯ (হৃদয় ৮৩*, মোস্তাফিজ ২*; তানজিদ ২, লিটন ১, পারভেজ ১, সাইফ ৬, জাকের ২০, তানজিম ৫, রিশাদ ০, নাসুম ০, শরিফুল ১২)

আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৮১/৪ (ডকরেল ১২*, হ্যারি ৬৯*; স্টার্লিং ২১, টিম ৩২, টাকার ১৮, ক্যাম্ফার ২৪) 

টেস্ট সিরিজে আধিপত্য করলেও টি-টোয়েন্টিতে সিরিজের প্রথম ম্যাচে পরাস্ত হয়েছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরে গেছে স্বাগতিক দল। ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় তারা ১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে করেছে ১৪২ রান। তাতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। 

বাংলাদেশ পাওয়ার প্লেতেই খেই হারায়। ১৮ রানে সাজঘরে ফেরেন টপের ৪ ব্যাটার। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি। পঞ্চম উইকেটে জাকের আলী ও তাওহীদ হৃদয় ৪৮ রান যোগ করে শুরুর ধাক্কা সামলেছেন। জাকের আলীর আউটে জুটি ভাঙলে আবার ধস নামে ইনিংসে। এক ওভারেই ফেরেন ৩ ব্যাটার। 

তার পরও প্রান্ত আগলে লড়াই চালিয়ে যেতে থাকেন হৃদয়। তুলে নেন ফিফটি। ৭৪ রানে অষ্টম উইকেট পতনের পর নবম উইকেটে শরিফুলকে নিয়ে যোগ করেন ৪৮ রান। তাতে পরাজয়ের ব্যবধান কমে মাত্র। ১২২ রানে শরিফুলের আউটের পর তাওহীদ শট খেলে ব্যবধান আরও কমাতে ভূমিকা রাখেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪২ রানে থামে বাংলাদেশের ইনিংস। ৫০ বলে হৃদয় ৭টি চার ও ৩টি ছক্কায় ৮৩ রানে অপরাজিত থাকেন। 

বামহাতি স্পিনার ম্যাথু হামফ্রিজ ছিলেন মূল হন্তারক। ১৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা তিনি। ২৩ রানে ৩টি নেন ব্যারি ম্যাকার্থি। ২০ রানে দুটি নেন মার্ক অ্যাডায়ার।  

শরিফুলের আউটে পড়লো নবম উইকেট

৭৪ রানে পতন হয় বাংলাদেশের অষ্টম উইকেটের। তার পরেও একপ্রান্তে থেকে লড়াই করে গেছেন তাওহীদ হৃদয়। তুলে নিয়েছেন পঞ্চম ফিফটি। এই সময় নবম উইকেটে শরিফুল ইসলামকে নিয়ে ৩১ বলে যোগ করেন ৪৮ রান। এই জুটিতে ব্যবধান কমতে থাকে। দলের ১৮তম ওভারে শরিফুলকে (১২) ক্যাচ আউট করে জুটি ভেঙেছেন ম্যাকার্থি। বাংলাদেশ নবম উইকেট হারায় ১২২ রানে।  

এক ওভারেই পড়লো ৩ উইকেট, ৮ উইকেট নেই বাংলাদেশের

জাকের আলীর বিদায়ের পর পুরোপুরি ধসে পড়ে ইনিংস। ১৩তম ওভারে বামহাতি হামফ্রিজের ঘূর্ণিতে আউট হন তানজিম (৫), রিশাদ (০) ও নাসুম (০)। প্রথম বলে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ হন তানজিম। চতুর্থ বলে এলবিডাব্লিউ হন রিশাদ। পরের বলে স্টাম্পড হয়েছেন নাসুম। তাতে ৭৪ রানে পতন হয় অষ্টম উইকেটের! 

জাকের আলীর বিদায়ে ভাঙলো ৪৮ রানের জুটি

১৮ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছিলেন জাকের আলী ও তাওহীদ হদয়। ৩৪ বলে ৪৮ রান যোগ করেন তারা। ১২তম ওভারে ম্যাকর্থির বল ঠিকমতো ব্যাটে সংযোগ ঘটাতে পারেননি জাকের আলী। ক্যাচ উঠলে ১৬ বলে ২০ রানে ফিরতে হয় তাকে। তাতে ছিল মাত্র একটি ছয়। বাংলাদেশ পঞ্চম উইকেট হারায় ৬৬ রানে।   

পাওয়ার প্লেতেই ৪ উইকেট নেই বাংলাদেশের

১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই আইরিশ বোলিংয়ে খেই হারিয়েছে বাংলাদেশের ইনিংস। ৫ রানের মধ্যে ফিরেছেন টপের তিন ব্যাটার। প্রথম ওভারে হামফ্রিজের বলে তালুবন্দি হন তানজিদ। পরের ওভারে অধিনায়ক লিটন দাস (১) মার্ক অ্যাডায়ারের বলে উইকেট বিলিয়ে দিলে পতন হয় দ্বিতীয় উইকেটের। দলের পাঁচ রানের মধ্যে অ্যাডায়ারের তৃতীয় শিকার হন পারভেজ হোসেন। বিপদ আরও বাড়ে ষষ্ঠ ওভারে সাইফ হাসান (৬) ম্যাকার্থির বলে বোল্ড হলে। শুরুতেই ধাক্কা খাওয়ায় পাওয়ার প্লেতে স্বাগতিকরা ৪ উইকেটে সংগ্রহ করেছে মাত্র ২০ রান।   

বাংলাদেশকে ১৮২ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করেও বাংলাদেশকে ১৮২ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড। ৪ উইকেটে ১৮১ রান সংগ্রহ করেছে তারা। ৪৫ বলে ৬৯* রানের বিস্ফোরক ইনিংসে বড় স্কোরের মঞ্চ গড়েছেন হ্যারি টেক্টর।

টস হারলেও ইনিংসের শুরুতেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেছে আয়ারল্যান্ড। প্রথম ওভারে দুই বাউন্ডারি মেরে ইনিংসের গতি নির্ধারণ করেন পল স্টার্লিং। তৃতীয় ওভারে শরিফুল ইসলামের বলে টিম টেক্টর চারটি বাউন্ডারি মেরে আরও চাপ বাড়ান। শেষ পর্যন্ত  ৪০ রানের ওপেনিং জুটিতে আঘাত হানেন তানজিম হাসান সাকিব। তুলে নেন স্টার্লিংয়ের উইকেট। 

তবু পাওয়ারপ্লেতে এক উইকেটে আয়ারল্যান্ড পায় ৪৮ রান। এরপর ১৯ বলে ৩২ রান করা টিম টেক্টর রিশাদ হোসেনের ঘূর্ণিতে বড় শট খেলতে গিয়ে লং অনে ক্যাচ তুলে ফেরেন। হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্পফার তার পর গড়ে তোলেন ৪৪ রানের জুটি। দলকে দেড়শর কাছে নেওয়া এই জুটি ভাঙে ক্যাম্পফার আউট হলে। কিন্তু হ্যারি টেক্টর-ই ছিলেন পুরো ইনিংসের মূল চালিকাশক্তি। ৪৫ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংসে তুলে নেন নিজের সপ্তম টি–টোয়েন্টি আন্তর্জাতিক ফিফটি। শেষ ওভারে তার ঝড়ো ব্যাটিংয়েই আসে আরও ১৭ রান! তার সঙ্গে ৭ বলে ১২ রানে অপরাজিত থাকেন ডকরেল। 

বাংলাদেশের হয়ে ৪১ রানে দুটি উইকেট নেন তানজিম হাসান। ৩৪ রানে একটি নিয়েছেন রিশাদ হোসেন, ৪২ রানে একটি নেন শরিফুল ইসলামও।  

ক্যাম্ফারের আউটে ভাঙলো ৪৪ রানের জুটি

তৃতীয় উইকেট পতনের পর ঝড়ো গতিতে ইনিংসের সবচেয়ে বড় জুটি গড়েন কার্টিস ক্যাম্ফার ও হ্যারি টেক্টর। ২৯ বলে ৪৪ রান যোগ করেন তারা। দলের ১৪৯ রানে তানজিম হাসানের বলে দারুণ এক ক্যাচে ক্যাম্ফার (২৪) আউট হলে ভাঙে জুটি। এই সময় সপ্তম টি-টোয়েন্টি ফিফটি তুলে নেন হ্যারি টেক্টর।   

মারকুটে টাকারকে ফেরালেন শরিফুল

নাসুমের ১২তম ওভারে একটি চার ও একটি ছক্কা মেরে স্কোর একশ ছাড়াতে ভূমিকা রাখেন লরকান টাকার। ক্রিজে থেকে কার্যকরী ব্যাটিংয়ে স্কোরবোর্ড  সমৃদ্ধ করছিলেন তিনি। পরের ওভারে এসে টাকারকে ফেরান শরিফুল। স্ট্রোক খেলতে গিয়ে আইরিশ ব্যাটার ১৪ বলে ১৮ রানে ক্যাচ আউট হয়েছেন। তার ইনিংসে ছিল ২টি চার ও ১টি ছয়।  

টেক্টর ভাইদের জুটি ভাঙলেন রিশাদ


৪০ রানে প্রথম উইকেট পতনের পর ঝড়ো গতিতে রান তুলছিলেন টেক্টর ভাইদ্বয়। তাদের মধ্যে টিম টেক্টরই ছিলেন বেশি আগ্রাসী। ১৯ বলে ৬টি চার মেরে ৩২ রান তুলেছেন তিনি। দলের ৭১ রানে তাকে বাউন্ডারি লাইনে তালুবন্দি করিয়েছেন রিশাদ হোসেন। দ্বিতীয় উইকেটে টেক্টর ভাইরা যোগ করেছেন ২৪ বলে ৩১ রান। 

পাওয়ার প্লেতে আয়ারল্যান্ডের ৪৮


পঞ্চম ওভারে ৪০ রানে পড়ে আইরিশদের প্রথম উইকেট। তার পর অবশ্য ৬ ওভারে পাওয়ার প্লেতে এক উইকেটে ৪৮ রান যোগ করেছে সফরকারীরা। 

বোলিংয়ে এসেই স্টার্লিংকে ফেরালেন তানজিম

টস ব্যাট করতে নেমে শুরুটা খারাপ ছিল না আয়ারল্যান্ডের। মেরে খেলছিলেন অধিনায়ক পল স্টার্লিং ও টিম টেক্টর। ৪.২ ওভারে স্কোর হয়ে যায় ৪০ রান। এই ওভারে বোলিংয়ে এসেই স্টার্লিংকে ২১ রানে সাইফের ক্যাচ বানিয়েছেন তানজিম হাসান। আইরিশ ব্যাটারের ১৮ বলের ইনিংসে ছিল ৪টি চার। 

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে ২–০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর টি–টোয়েন্টিতেও ফেভারিট হিসেবে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বোলিং নিয়েছেন স্বাগতিক অধিনায়ক লিটন দাস। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরুতে ব্যাট করবে আয়ারল্যান্ড। 

ঘরের মাঠে সর্বশেষ টি–টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছে বাংলাদেশের। তবে এই ফরম্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ বেশ এগিয়ে। দুই দল এখন পর্যন্ত ৮ বার মুখোমুখি হয়েছে, পাঁচটি জিতেছে বাংলাদেশ, দুটি আয়ারল্যান্ড এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দুই বছর আগে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত শেষ টি–টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ড শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছিল। সেটাতে বাংলাদেশ জেতে ২–১ ব্যবধানে।  

একাদশে কারা

শামীম হোসেনকে বাদ দিয়ে মাহিদুল ইসলামকে দলে নেওয়া হলেও একাদশে জায়গা হয়নি তার। বাংলাদেশ ৫ বোলার নিয়ে একাদশ সাজিয়েছে। তানজিম হাসান ৭ নম্বরে ব্যাট করবেন। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী, তানজিম হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। 

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিজ ও জশ লিটল।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft