
নারায়ণগঞ্জের বারদী মন্দিরের শ্রী শ্রী লোকনাথ এর ভক্ত পরিচয় দিয়ে নগরীর খুলশীতে একটি হিন্দু পরিবারকে টার্গেট করে বাসা থেকে প্রায় দুই ভরি স্বর্ণালংকার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় এক ভন্ড প্রতারক।
ঘটনাটি ২২ জুলাই বুধবার বেলা ১২ টার সময় চট্টগ্রাম নগরীর খুলশী আমবাগান আবহাওয়া অফিস এলাকায় ঘটে। গ্রেফতার হওয়া আসামির নাম সরোয়ার সরদার প্রকাশ শ্রী রাখাল সাহা (৪২)। তিনি ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার বাসিন্দা এবং বর্তমানে চট্টগ্রামের চান্দগাঁও থানার বদ্দারহাট এলাকায় বসবাস করতেন।
মামলার বাদী অজিত ঘোষ (৬০) জানান, গত ২২ জুলাই বুধবার সকাল ১০টা ৪৫ এর দিকে অপরিচিত এক ব্যক্তি তাদের বাসায় এসে নিজেকে নারায়ণগঞ্জের বারদী মন্দিরের লোকনাথ বাবার ভক্ত হিসেবে পরিচয় দেন। তিনি বাসায় প্রবেশের পূর্বে "জয় বাবা লোকনাথ" বলে ভক্তিভরে কথা বলে পরিবারের আস্থা অর্জন করেন। এরপর আধ্যাত্মিক ভানে তাদের পারিবারিক কিছু সমস্যার কথা বলে প্রথমে ১১ টাকা, তারপর ৫০০ টাকা, তারপরে ২১০০ টাকা নিয়ে তা ফেরত দিয়ে বলেন, "বাবা লোকনাথ টাকা নেন না, তিনি ভাত ও প্রসাদ খান।" এরপর ২ কেজির মত চাল আনতে বলেন এবং তাতে ম্যাজিকের মতো আগুন ধরিয়ে আধ্যাত্মিক ক্ষমতা প্রদর্শন করে আরো বিশ্বাস অর্জন করেন।
এভাবে বিভিন্ন কৌশলে অজিত ঘোষ ও তাঁর স্ত্রী দেবী সেন গুপ্তার বিশ্বাস অর্জন করে মন্দির নির্মাণের নাম করে বাসায় থাকা প্রায় দুই ভরি এক আনা ওজনের স্বর্ণালংকার প্রতারণার মাধ্যমে নিয়ে পালিয়ে যান। যাওয়ার সময় প্রতারক তার দুটো ফোন নাম্বার দিয়ে বলেন, আমাকে এই নাম্বারে পাবি তোরা। দুপুর দুইটার সময় তোদের স্বর্ণ দ্বিগুণ হয়ে যাবে। তারপর তোরা আমাকে মন্দির বানাতে সাহায্য করবি। নির্দিষ্ট সময়ে পোড়া ধাতুর অবশিষ্ট অংশ দ্বারা গোসল করার পরামর্শ দিয়ে যায় ওই প্রতারক।
গোসল করার পরপরই তাদের সকলের জ্ঞান আর স্মৃতি ফিরে আসে। এসময় অজিত ঘোষ ও তার স্ত্রী দেবী সেন গুপ্তা বুঝতে পারেন তাদের সাথে বড় ধরনের প্রতারণা হয়েছে। এরপর তারা খুলশী থানা পুলিশের সাহায্য নেয়৷
পাশের প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীকে দ্রুত সময়ে আটক করতে সক্ষম হন।
এসময় খুলশী থানার এসআই মো. শহিদুল আলম পারভেজ (অপারেশন অফিসার) সহ একটি চৌকস টিম নগরীর কোতোয়ালী থানাধীন হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে ঘটনার ২-৩ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত সরোয়ার সরদার প্রকাশ শ্রী রাখাল সাহা'কে গ্রেফতার করে।
পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে তিন জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের সীতা হার, একটি পাথরযুক্ত স্বর্ণের লকেট, গলানো স্বর্ণ, দুটি স্মার্টফোন, নগদ ১৪ হাজার টাকা এবং একটি মেরুন রঙের ছাতা উদ্ধার করা হয়েছে।
খুলশী থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে প্রতারক চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
খুলশী থানা পুলিশের দূরদর্শিতা এবং আন্তরিকতার কারণেই দ্রুততম সময়ের মধ্যে প্রতারক আসামী সহ লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার অন্যান্য জিনিস পত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এই ঘটনার পর থানা একালার বাসিন্দা ও নগর বাসীর উদ্দেশ্য খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, ধর্মীয় অনুভূতি বা ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে কেউ কোনো প্রলোভন দিলে তাদের ডাকে কেউ সারা দিবেন না৷ অপরিচিত কেউ বাসায় আসতে চাইলে আগে যাচাই করুন। সন্দেহ মূলক আচরণ বা অপরাধ মূলক কোনো ঘটনা ঘটার সাথে সাথে নিকটস্থ থানা অবগত করুন।
আজকালের খবর/ এমকে