নীলফামারীর ডিমলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সহায়তা ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা ও উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মো. আব্দুস সাত্তার।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসূল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মানোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, ডিমলা থানার তদন্ত কর্মকর্তা দিবাকর অধিকারী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৭০টি সিলিং ফ্যান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২১৭টি ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে বিপি মেশিন, হুইলচেয়ার, ওয়েট মেশিনসহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।
পাশাপাশি অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় গৃহস্থালি ব্যবহৃত পুকুরে বাটা মাছ চাষ প্রদর্শনী কার্যক্রমের অংশ হিসেবে উপকারভোগীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ ও মাছের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক, উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার লক্ষ্যে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
আজকালের খবর/বিএস