ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ৩৬০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ গাড়িও জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত ১৯ জুলাই ২০২৬ দুপুর ২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি রেজিস্ট্রেশন প্লেটবিহীন পিকআপ গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে গাড়ি থেকে ৩৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে শাকিল (পিতা: শফিক), সাং- কালতা, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত গাঁজা ও পিকআপ গাড়ি উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাকিল স্বীকার করেন যে, তিনি মাদক পরিবহনের সঙ্গে জড়িত। এছাড়া তার বিরুদ্ধে এর আগেও চারটি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের উৎস, গন্তব্য এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে৷
আজকালের খবর/বিএস